মার্চ ৬, ২০২৬ ১১:১১

সহিংসতায় পুলিশের টিয়ার গ্যাসে আহত সাংবাদিক নেতার মৃত্যু

অনলাইন ডেস্ক :

বিএনপি’র মহাসমাবেশকে ঘিরে সহিংসতার সময় পুলিশের টিয়ার গ্যাসে আহত বিএফইউজে’র সাবেক নির্বাহী সদস্য ও জাতীয় প্রেসক্লাবে সদস্য রফিক ভূইয়া মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ডিইউজে’র সভাপতি শহীদুল ইসলাম। এ ঘটনায় তিনি নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন।

জানা গেছে, ২৮ অক্টোবর দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকসাযোগে জাতীয় প্রেসক্লাবে যাওয়ার সময় সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরনো ভবনের কাছে পৌঁছালে পুলিশের টিয়ারগ্যাসের কবলে পড়েন রফিক ভূইয়া। এ সময় তিনি রিকসা থেকে পড়ে যান। পরে বারডেম হাসপাতালে নিলে ডাক্তার জানান, মাথায় মারাত্মক আঘাতে ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রফিক ভূইয়া সাংবাদিকতার বিভিন্ন পর্যায়ে অনেকবার নেতৃত্ব দিয়েছেন। তিনি প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন এবং নিয়মিত প্রেস ক্লাবে আসতেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি কবিতা ও ছড়া লিখতেন।

রফিক ভূঁইয়া সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম থেকে। সেখানে দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এরপর ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশ করেছেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালে সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন। চট্টগ্রামে থাকাকালে রফিক ভূঁইয়া ঐক্যবদ্ধ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বিএফইউজের প্রথম কমিটিতে ছিলেন নির্বাহী সদস্য। চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ সোসাইটির প্রথম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক ছিলেন।

রফিক ভূঁইয়ার জামাতা জানিয়েছেন, তার লাশ সমরিতা হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশের পথে রয়েছেন। তারা ফেরার পর দাফন করা হবে।

১৯৫১ সালে রফিক ভূঁইয়ার জন্ম ফেনীর দাগনভূঞা উপজেলার গনিপুর গ্রামে। দুটি সংসারে ছেলে-মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন