মার্চ ৬, ২০২৬ ০৭:০৬

চাঁদা না দেয়ায় দাগনভূঞায় পৌরসভার ভবন নির্মাণ কাজ বন্ধ

নিজস্ব প্রতিনিধি :

দাগনভূঞা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে দূর্বৃত্তরা। প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ের এটি নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান কনসোনেল ইঞ্জিনিয়ার্স এন্ড বিল্ডার্স। এ বিষয়ে পুলিশ সুপার মো: হাবিবুর রহমানের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পৌরসভার নার্সারী রোড এলাকায় সরকারের অর্থায়নে ৭ কোটি ৬৬ লাখ ২৫ হাজার ৯১৯ টাকা ব্যয়ে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ২৪ ইউনিটের ৭ তলার আবাসিক ভবন নির্মাণ কাজ শুরু হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে পাইলিং এর অর্ধেক কাজ শেষ হয়েছে। গত রবিবার গভীর রাতে ২৫-৩০ জন দূর্বৃত্ত বিদ্যুত লাইন কেটে দিয়ে প্রকল্প ম্যানেজার, নিরাপত্তা প্রহরী ও শ্রমিকদের মারধর করে। পরদিন সকালের মধ্যে সবাইকে স্থান ত্যাগের হুমকি দেয়। ফলে সোমবার সকালে সবাই চলে গেলে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। নির্মাণ সাইটে কয়েক লাখ টাকার নির্মাণ সামগ্রী সহ পাইলিং এর যন্ত্রপাতি অরক্ষিত অবস্থায় রয়েছে। কার্যাদেশ অনুযায়ী ২০২৬ সালের ৭ এপ্রিল কাজ শেষের সময়সীমা রয়েছে।
এর আগে গত ২১ এপ্রিল মধ্যরাতে দুইজন মুখোশ পরিহিত দুর্বৃত্তকারী মোটরসাইকেল যোগে এসে লেবার শেড লক্ষ্য করে পেট্রোল আগুন ছুড়ে পালিয়ে যায়। এতে করে শেডের একাংশ আগুনে পুড়ে যায়।

প্রকল্প ম্যানেজার বাসু দেবরয় জানান, হুমকির পর সাইট প্রকৌশলী ও ম্যানেজার দুর্বৃত্তদের ভয়ে সাইটে অবস্থান করতে ভয় পাচ্ছে। একদিকে সরকারি কাজ বাস্তবায়নের গতি বিঘ্ন হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ সহ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তিনি পুলিশ সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ সুপার মো: হাবিবুর রহমান জানান, যাবতীয় ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন