মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

চাকরির প্রলোভনে ১০ লাখ টাকা চাঁদা দাবি, অডিও ফাঁস

নিজস্ব প্রতিনিধি :
ফেনীর স্বাস্থ্য বিভাগে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ১০ লাখ টাকা চাঁদা চেয়েছেন পরশুরাম উপজেলা ছাত্র প্রতিনিধি পরিচয়ধারী নাহিদ রাব্বি। পরশুরাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের এক চাকরি প্রত্যাশীর কাছে এ চাঁদা দাবি করার ২ মিনিট ৩৮ সেকেন্ডের এক অডিও রেকর্ড ফাঁস হয়। নাহিদ রাব্বি পরশুরাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের কোলাপাড়ার রেলওয়ে কর্মচারী নুর নবীর ছেলে। রেকর্ডে চাকরি প্রত্যাশির নিকট পরীক্ষার একদিন পূর্বে ৪ লাখ টাকা দিতে বলে ও পাশাপাশি চাকরি প্রত্যাশিত মূল সাটিফিকেট দিতে বলেন নাহিদ রাব্বি।

ওই চাকরি প্রত্যাশি রাব্বিকে বলেন, “আচ্ছা তাহলে বাড়ীতে কথা বলে আপনারে জানাবো। আপনি মোট ১০ চাচ্ছেন নাকি অর্থাৎ ১০ লাখ লাগবে এইতো এমনে আর এক, দুই-লাখ কমানো যাবে না ভাই” এ সময় রাব্বিকে আর এক পয়সাও কমানো যাবে না বলতে শুনা যায়।

চাকরি প্রত্যাশি বলে থাকে, “আমি বাজারে বাড়ী গিয়ে আব্বুর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি।” এ সময় নাহিদ রাব্বি বলেন, “প্রথমে তুই চার দিয়ে আমি তার সাথে কথা বলে দেখি। প্রথমে একটা এমাউন্ট না দিলে তো সে উল্টে যাবে। স্টাম করা হবে তোরে স্টাম দিয়ে দিবে। আমার হাতে থাকবে সব। আমার মাধ্যমে কাজ করবে।

এ সময় চাকরি প্রত্যাশী বলে, ভাই উল্টিবে না আপনি ওইভাবে করে দেন। তখন নাহিদ রাব্বি বলে, ‘সে ভালোবাসা বাংলাদেশে নাই।’
চাকরি প্রত্যাশি সময় চাইলে সে বলে, না, না। তখন পৌরসভার কত নাম্বার ওয়ার্ডে পড়ছে জিজ্ঞেস করলে চাকরি প্রত্যাশী ৩ নং ওয়ার্ড এর পরিচয় দিয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে ফেনী জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়েত বিন করিম ফেনীর সময়কে বলেন, আমরা রেকর্ড পেয়েছি। দুইজনের তথ্যই পেয়েছি। গোয়েন্দা সংস্থাকে দেওয়া হয়েছে। তারা এ বিষয়ে কাজ করতেছেন।”

এ সময় তিনি বলেন, “এখানে কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই যারা লেনদেন করতে চাচ্ছে তারা বোকার স্বর্গে বসবাস করছে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় মেধার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে”

জানতে চাওয়া হলে এনসিপির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকত ফেনীর সময়কে বলেন, “বিভিন্ন মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি নাহিদ রাব্বিকে জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে সম্বোধন করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টির সাথে নাহিদ রাব্বির কোনো সম্পর্ক নেই। আমরা যতটুকু জানি সে একজন স্বঘোষিত ছাত্রপ্রতিনিধি। আমাদের এনসিপির ফেনী জেলা এবং ফেনী জেলার কোনো উপজেলার এখন পর্যন্ত সমন্বয় কমিটি হয়নি। খুব দ্রুত সমন্বয় কমিটি হবে। নাহিদ রাব্বির সাথে এনসিপির নাম সংযুক্ত করার পূর্বে সাংবাদিকদের আরো দায়িত্বশীল আচরণ করা উচিত বলে মনে করি।” জানতে চাওয়া হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মুহাইমিন তাজিম ফেনীর সময়কে বলেন, “ফেনীতে বর্তমানে বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের অফিসিয়াল কোনো সমন্বয়ক কমিটি নেই। কেউ এই পরিচয় ব্যবহার করে দূর্নীতি করতে চাইলে সে দায়ভার আমাদের নয়।”

এ বিষয়ে জানতে চাওয়ার জন্য নাহিদ রাব্বিকে কল দিয়ে পাওয়া যায়নি। আগামীকাল সকাল ১০ টায় অনুষ্ঠিত হতে যাওয়া নিয়োগ পরীক্ষায় ১শত ১৫ পদের মধ্যে জেলার সদর উপজেলা সহ সবকটি উপজেলায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে ৯৯ জনকে। পরিসংখ্যানবিদ নিয়োগ দেওয়া হচ্ছে ৫ জনকে। এছাড়া ৬ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৪ জন ড্রাইভার ও ১ জন ল্যাবরেটরি এটেনডেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে। পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়ে শেষ হবে সাড়ে ১১ টায়। পরীক্ষায় ১১৫ পদে ১২ হাজার ৪ শত ৪৮ প্রতিযোগী অংশগ্রহণ করছে। প্রতি পদের বিপরীতে লড়ছে ১০৮ জন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন