মোহাম্মদ শেখ কামাল, ছাগলনাইয়ায় প্রতিনিধি :
ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে ফারাবী ও লিহান নামের দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।একসঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের জনৈক আবুল খায়েরের নির্মাণাধীন ভবনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী সাতবাড়ি সড়কের শেখ ভবনের ভাড়াটিয়া ইকবাল হোসেনের পুত্র ফয়সাল ফারাবী (৯) ও ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী একই ভবনের ভাড়াটিয়া সামছুল হকের পুত্র সাখাওয়াত জাহান লিহান (৮) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। রাতে শেখ ভবনের পাশে নির্মাণাধীন আবুল খায়েরের বাড়ির সেফটি ট্যাংক থেকে ফারাবী ও লিহানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, নিহত ফারাবী ইম্পেরিয়াল স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং লিহান ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী।
ফারাবী ও লিহানের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম সেফটি ট্যাংক থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ।