হোসাইন সুজন :
ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের পাল গ্রামে কালিদাস পাহালীয়া নদীর ভাঙ্গনে বিলিন হতে চলেছে জগত চন্দ্র নাথের পাটোয়ারী বাড়ী। ইতিমধ্যে ওই বাড়ির বেশ কয়েকটি পরিবার নদী গর্ভে ভূমি হারিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পাল গ্রামের নাথ বাড়ীর ডা. অনিল নাথ, হরি নাথ, সমীর নাথ, লক্ষন নাথ ও মাস্টার রতন চন্দ্র নাথ পৈত্রিক বাড়ী হারিয়েছেন। তারা পরিবার নিয়ে ফেনী শহরে বসবাস করছেন। ওই বাড়ীর শশ্মানটিও নদীতে বিলীন হয়ে যাচ্ছে। একইসাথে পাল গ্রামে অবস্থিত রন্দ্র পুকুর সংলগ্ন স্থাপিত নতুন দূর্গা মন্দিরটিও হুমকির মুখে।
স্থানীয়রা জানান, ২০০২ সালে তৎকালীন সরকার নদী ভাঙ্গন রোধকল্পে নদীর গতিবেগ সোজা করার উদ্দেশ্যে নদী খনন করলেও সেটি ভাঙ্গন ঠেকাতে পারেনি।
তারা আরো জানান, নাথ বাড়ীটি রক্ষা করা না গেলে পাশ্ববর্তী রুহুল আমিন মেম্বারের বাড়ীসহ আরও প্রায় ২০টি পরিবার নদী গর্তে বিলিন হওয়ার আশংকা রয়েছে। এজন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে যথাযথ উদ্যোগের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
ভাঙনের শিকার পাল গ্রামের বাসিন্দা পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ সচিব লক্ষণ চন্দ্র নাথ জানান, নদী ভাঙনের মুখে বাড়ির অর্ধেক বিলীন হয়ে গেছে। ঘরের অংশটুকু এখনো টিকে আছে। ভাঙন ঠেকাতে না পারলে পুরো গ্রামটি বিলীন হওয়ার আশংকা আছে। ব্লক বসাতে পারলে ভাঙন অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
মাথিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রতন চন্দ্র নাথ জানান, ভাঙ্গন ঘর পর্যন্ত চলে এসেছে। ইতিমধ্যে গোয়াল ঘর সহ আশপাশ নদীতে বিলীন হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।