মো: মহিউদ্দিন, পরশুরাম :
পরশুরাম উপজেলায় এবারের বন্যা ১৫টি স্থানে ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ পুন:নির্মাণে মাটির পরিবর্তে বালু ব্যবহার করায় তোপের মুখে পড়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা। গতকাল শনিবার পশ্চিম অলকা এলাকার আলতাফ আলী চৌধুরীর বাড়ির পাশে এলাকাবাসীর তোপের মুখে পড়েন। এলাকাবাসীর দাবীর মুখে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঠিকাদার জানান, ‘কি কাজ করব। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা দূর্নীতিবাজ। প্রতিটি কাজে বিল করার সময় ৮/১০ কেটে নিয়ে যায়। এছাড়া তারা আসলে তেলের বিল, দুপুরে ভাত এবং নাস্তার বিলও দিতে হয়।’
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মো: ইউছুপ জানান, আমরা আগের চেয়ে আরও টেকসই বেড়িবাঁধ পুন:নির্মাণ করব। দুই পাশে জিওটিউব এবং মাঝ খানে বালি দেওয়া হবে। এটা শুধু ইমার্জেন্সি কাজ হিসেবে স্থানীয় নেতাদের মাধ্যমে দেয়া হয়েছে। তারা কেনো ঠিকাদার দিয়েছে আমি জানি না। ৮০ মিটার লম্বা বেড়িবাঁধ পুননির্মাণের জন্য ৫৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। কিন্তু এলাকাবাসীর বাঁধায় কাজ বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে।
ফেনীস্থ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান, স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে কাজ কিছুক্ষন বন্ধ ছিল। এরপর জেলা প্রশাসক পরিদর্শনের পর যথারীতি বাঁধ নির্মাণ কাজ শুরু হয়।