মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনীতে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি :
প্রথমবারের মত আজ সোমবার ফেনী আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রা শ্লোগানকে রেখে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যায় মহিপাল অভিমুখী পদযাত্রা অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলটির এ কর্মসূচীকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসব বিরাজ করছে।

দলীয় সূত্র জানায়, এ কর্মসূচীতে এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেবেন। বিকাল ৫টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় যোগ দিবেন কেন্দ্রীয় নেতারা। সেখানে পথসভা শেষে মহিপাল পর্যন্ত পদযাত্রা করে সেখানে আরেকটি পথসভা হবে। পরে সার্কিট হাউজে জেলার শহীদ পরিবারদের সাথে নাহিদ ইসলাম মতবিনিময় করবেন।

এদিকে এনসিপি নেতাদের আগমন উপলক্ষ্যে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার ও ট্রাংক রোডের দোয়েল চত্ত্বর, খেজুর চত্ত্বর এলাকায় টানানো হয়েছে বিলবোর্ড। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়ক। গত ক’দিন ধরে মাইকিং, লিফলেট বিতরণ সহ প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আগামী কমিটিতে স্থান পেতে নিজেদের অবস্থান দিতে শোডাউনও করবেন কেউ কেউ।

কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ‘দেশব্যাপী এনসিপির পদযাত্রার অংশ হিসেব আজ রক্তভেজা ফেনীতে অনুষ্ঠিত হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে নতুন সংবিধান, বিচার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার, অর্থনৈতিক পুনর্গঠন এবং রাজনৈতিক পটপরিবর্তনে, রাজনৈতিক পরিবেশে, নির্বাচন কমিশনের ফরমেট পরিবর্তন, নির্বাচনী পরিবেশ তৈরি সহ বাংলাদেশের নতুন বন্দবস্তের জন্য এবং দেশের মানুষের দায়বদ্ধতার যায়গা থেকে নেতৃবৃন্দ দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তারই ধারাবাহিকতায় ফেনীর মানুষের কল্যানে যেন কাজ করা যায় সেই লক্ষে কাজ করেছি।’

এনসিপির জেলা সংগঠক আব্দুল্লাহ আল যোবায়ের বলেন, ‘আমাদের গর্বের ফেনী, শহীদদের রক্তে রঞ্জিত এক দুর্বার ইতিহাসের অংশ। এই মাটিতে, এই জনপদে, জুলাই গণঅভ্যুত্থানের ১১ জন শহীদ হয়েছিল। সেই শহীদদের আন্দোলনের উত্তরাধিকার রক্ষা এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সামনে এগিয়ে নিতে আজ ফেনী আসছেন জুলাই বিপ্লবের মহানায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এই পথসভায় আমরা তরুণদের ইশতেহার, একটি নতুন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার রূপরেখা তুলে ধরবো।’

এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদুল ইসলাম সৈকত জানান, ‘জুলাই পদযাত্রা উপলক্ষ্যে ফেনীতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কর্মসূচী সফল করতে দফায় দফায় বৈঠক করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহায়তা করবেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনিসিপির সংগঠক মুহাইমিন তাজিম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়করা ১১জন শহীদের ফেনীতে আসতেছেন। তাদেরকে বিপ্লবীরা সাধরে গ্রহন করবে। জনগণের দুয়ারে দুয়ারে তারা জনতার রাজনীতিকে নিয়ে যাবেন।’

আরেক সংগঠক সুজা উদ্দিন সজিব বলেন, ‘জুলাই বিপ্লবের মহানায়ক ও এনসিপির কেন্দ্রীয় নেতাদের ফেনী সফরকে ঘিরে জেলার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে দলের মূলনীতি ও আদর্শ তুলে ধরা হচ্ছে। যাতে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং এনসিপির বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছায়। জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে রাজনৈতিক আদর্শ ছড়িয়ে দেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন