মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

ফেনীতে পপুলার লাইফে মেয়াদ শেষেও টাকা পাচ্ছেন না গ্রাহকরা

সদর প্রতিনিধি :
ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের আফতাববিবির হাট এলাকার বাসিন্দা জসিম উদ্দিন। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় ভিক্ষাবৃত্তি করে সংসার চলে তার। স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েকে দিনাতিপাত করেন। টানাপোড়নে থেকেও দীর্ঘদিন ধরে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীতে সঞ্চয় করেন তিনি। নির্ধারিত মেয়াদ শেষে বারবার ধর্না দিয়েও সঞ্চিত টাকা ফিরে পাচ্ছেন না। শুধু জসিম উদ্দিনই নয়, এরকম বেশ কয়েকজন গ্রাহক পপুলার লাইফে সঞ্চয়ের টাকা না পাওয়ার অভিযোগ করেন। কোম্পানির দ্বারে দ্বারে ঘুরে টাকা ফেরত না পেয়ে হতাশ হয়ে পড়েছেন শতাধিক গ্রাহকরা। এনিয়ে তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

একই অভিযোগ করেন ওই এলাকার বাসিন্দা নুর আমিন। সিএনজি অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। নুর আমিন জানান, ২০১১ সাল থেকে ৫১৮ টাকা করে কিস্তির টাকা জমা দিয়েছেন। মেয়াদ শেষ হলেও টাকা পাচ্ছেন না।

আরেক গ্রাহক সাহেদা আক্তার জানান, পারিবারিক স্বচ্ছলতার আশায় পপুলার লাইফে সঞ্চয় করেছেন। এখন মেয়াদ শেষেও টাকা না পাওয়ায় কষ্টে দিন কাটছে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ফেনী অফিস ব্যবস্থাপক আলাউদ্দিন খন্দকার জানান, কোম্পানীতে তারল্য সংকট রয়েছে। যার ফলে গ্রাহকদের টাকা দেয়া সম্ভব হচ্ছেনা। অন্তত একশ গ্রাহকের সঞ্চয়ের টাকা বুঝিয়ে দিতে প্রধান কার্যালয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন