নিজস্ব প্রতিনিধি :
জাতীয় শিশু কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ এর আয়োজনে ফেনীতে অনুষ্ঠিত দিনব্যাপী বিজ্ঞানমেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ভিড় জমায়। ‘নিত্য নতুন আবিস্কারে চমকে দেব বিশ্বটাকে’ এ প্রতিপাদ্যকে সামনে ফেনী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ফুলকুঁড়ি ফেনী শহর শাখার দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বিকালে পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য কফিল আহমেদ চৌধুরী ও মানসুরুল আলম, ফেনী শাখা সাবেক পরিচালক মীর মোশাররফ হোসেন ফরহাদ, মোহাম্মদ মুশফিকুর রহমান আরাফাত ও আলমগীর হোসাইন।
খালেদ সাইফুল্লাহ মাছুমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় পরিচালক মুজাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শহর পরিচালক মুনতাসীর আহমেদ মাহী।
প্রধান অতিথি বলেন, “বিজ্ঞান চর্চা যে কোন মানুষকে বিকশিত করে। বিজ্ঞান চর্চা সমাজ পরিবর্তনের জন্য প্রয়োজন। আজকে যে চিন্তাগুলো তোমরা করছো সে চিন্তাগুলো ধরে রাখবা। তোমরা যারা নতুন প্রজন্ম আছো তোমরা তোমাদের চিন্তাগুলো আরো বৃদ্ধি করবে। আমাদের সমাজে মূল্যবোধের ঘাটতি দেখা দিয়েছে। এটা আমাদের প্রতিটা ক্ষেত্রে বিদ্যমান। মূল্যবোধের বিকল্প নেই। এ জায়গায় আমাদের বিরাট গ্যাফ। অর্থাৎ মূল্যাবোধে আমাদের গুরুত্ব দিতে হবে।”
মেলায় ৩৫ টি প্রজেক্ট অংশগ্রহণ করে শিশু কিশোররা তাদের নানা উদ্ভাবন প্রদর্শন করে।উদ্ভাবন প্রদর্শনীতে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল কে পুরস্কার দেয়া হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার দেয়া হয়। শত শত শিক্ষার্থী মেলা পরিদর্শনে আসে।