নিজস্ব প্রতিনিধি :
দাগনভূঞায় নেশার টাকা না পেয়ে জনি চন্দ্র সূত্রধর নামে এক যুবকের মারধরে তার মা বাবা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দুধমুখা বাজার এলাকায় মেস্তরী বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার জনি নেশার টাকার জন্য তার বাবা নুকুল কুমার সুত্রধর ও মা শিখা রানী সূত্রধরকে বেদম মারধর করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেন শিখা রানী সূত্রধর। জনিকে গ্রেফতারে আদালত থেকে পরোয়ানা জারির পর মঙ্গলবার পুলিশ গ্রেফতার করে।
শিখা রানী সুত্রধর কান্নাজড়িত কন্ঠে বলেন, তাদের ছেলে গত ৫/৬ বছর থেকেই ইয়াবা, গাঁজাসহ নেশা দ্রব্য সেবন করে আসছে। সে কোন কাজকর্ম না করে এলাকার বখাটে ছেলেপেলেদের সাথে আড্ডা দিয়ে বেড়ায়। এসব নেশা করে রাতে ঘরে এসে খাবার দাবারের উছিলায়, নেশার টাকার উছিলায় তাকে এবং তার স্বামীকে মারধর করে। মা-বাবার গায়ে হাত তোলা চলছে ৪/৫ বছর ধরেই। তার ক্রমাগত অত্যাচার সহয্য করতে না পেরে এবং কোন উপায় অন্তর না দেখে পুলিশে দিয়ে ছেলেকে জেলে রাখার সিন্ধান্ত নেন। কিন্তু থানায় কোন ওয়ারেন্ট চিঠি না আসায় বা অভিযোগ না থাকায় দাগনভূঞা থানার পুলিশ আটক না রেখে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দুধমুখা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, দুধমুখা বাজারে খুব সহজেই নেশা দ্রব্য পাওয়া যায়। এলাকার কোমলমতি অনেক ছেলে সর্বনাশা নেশায় আকৃষ্ট হয়ে পড়ছে বলে জানান। তারা প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন।
জানতে চাইলে দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ ফেনীর সময় কে বলেন, জনিকে তার মায়ের দায়ের করা মামলায় গতকাল গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।