মার্চ ৬, ২০২৬ ০৭:০৪

সালাম স্টেডিয়ামের জায়গা ও ফুটপাত দখল করে রেস্টুরেন্ট

সালাম স্টেডিয়ামের জায়গা ও ফুটপাত দখল করে রেস্টুরেন্ট

শহর প্রতিনিধি :
ফেনী শহরের একাডেমী সড়কের ভাষা শহীদ সালাম স্টেডিয়াম। জেলা ক্রীড়া সংস্থার নিয়মনীতির তোয়াক্কা না করে স্টেডিয়ামের জায়গা ও ফুটপাত দখল করেছে ইয়াম্মী সুইটস এন্ড রেস্টুরেন্ট। দুই দফা নোটিশ দেয়ার পরও দখলমুক্ত হয়নি জায়গা ও ফুটপাত।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১ জুন মার্কেটের ২৩ ও ২৪নং দোকান এবং একই বছরের ৭ জুলাই থেকে দ্বিতীয় তলার ১ থেকে ৭ নং দোকান তিন বছরের জন্য অস্থায়ীভাবে বরাদ্দ দেয় জেলা ক্রীড়া সংস্থা। দোকানগুলোর ডিডের ৪ নং শর্ত ভঙ্গ করে দোকান ঘরের দক্ষিণ পাশের ৫ ফুটের বেশি জায়গা দখল করেছে ইয়াম্মী সুইটস এন্ড রেস্টুরেন্ট। দখল করে তৈরি করা হয়েছে বাথরুম ও বেসিন রুম । সিড়ি ও এর আশপাশে রাখা হয়েছে মালামালও। এছাড়া দোকানের পাশে খালি থাকা তিনটি দোকান দখল করে করা হচ্ছে রান্নাবান্নার কাজও।

গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, স্টেডিয়ামের প্রধান ফটকের উত্তর পাশের ফুটপাত পুরাটাই দখলে৷ ইয়াস্মী সুইটস এন্ড রেস্টুরেন্ট ছাড়াও অস্থায়ী চা দোকান সহ সামনে থাকা দোকানগুলো ফুটপাত দখল করে আসে। ফুটপাত দখলে থাকায় সাধারণ মানুষ ও খেলোয়াড়রা ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করে থাকে।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য কপিল মাহমুদ রিয়াজ ফেনীর সময়কে বলেন, “সালাম স্টেডিয়াম মার্কেটে ইয়াম্মি রেস্টুরেন্ট ফুটপাতের জায়গা দখল করে এবং উপরে ওঠার সিঁড়ির রুম সহ অধিকাংশ জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করতেছে। যার কারনে জনসাধারণের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে, আমরা এর পরিত্রাণ চাই।”

জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার বলেন, “খেলোয়াড় ও পথচারীদের অভিযোগের প্রেক্ষিতে আমরা তাদের দুইবার নোটিশ দিয়েছি। এর আগে কয়েকবার আমি সরাসরি নিজে সতর্ক করছি। এরপরও কোন ফল পাইনি। দোকানের পাশের জায়গা দখল নিয়ে আমরা ব্যবস্থা নিবো। ফুটপাতের বিষয়ে পৌরসভাকে অবগত করা হবে।”

পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “আমরা অভিযান শুরু করেছি। আমরা এদিক থেকে ওদিকেও যাবো। এছাড়া সওজ সহ যাদের যায়গা তারা যদি জেলা প্রশাসককে অবগত করে তাহলে পৌরসভা অবশ্যই এসব অবৈধ দখল নিয়ে কাজ করবে।”

জানতে চাওয়ার জন্য দোকান রেস্টুরেন্টে মালিক কবির করিম উল্লাহকে একাধিকবার কল ও মেসেজ দিয়ে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন