নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কার্যক্রম। শহরের সেন্ট্রাল হাই স্কুলে সকাল ১১টায় কার্যক্রমের উদ্বোধন করা হবে। ইতিমধ্যে ক্যাম্পেইনের লক্ষ্যমাত্রার ৭৬ শতাংশ রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৪ লাখ ২৫ হাজার ৪শ ৩৭ জনের মধ্যে গতকাল রাত ১০টা পর্যন্ত ৩ লাখ ২২ হাজার ৫শ ২৫ জন রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করেছে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম আগামীকাল থেকে শুরু হয়ে শেষ হবে ১৩ নভেম্বর। ১৮ কর্মদিবসের প্রথম পর্যায়ের ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ও ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী টিকাদান কেন্দ্রে এই ক্যাম্পেইন পরিচালনা হবে। বৃহস্পতিবার ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জানান, ৪ লাখ ২৫ হাজার ৪শ ৩৭ জনের লক্ষ্যমাত্রার ২ লাখ ৯৫ হাজার ১শ ২৭ জনকে শিক্ষাপ্রতিষ্ঠানে, ১ লাখ ৩০ হাজার ৩শ ১০ জনকে কমিউনিটি ক্লিনিকে দেওয়া হবে। এবারে জেলায় ৭টি স্থায়ী ও ১ হাজার ৯৮টি সহ সর্বমোট ১ হাজার ১শ ৫টি কেন্দ্রে এ টিকা কার্যক্রম সম্পন্ন হবে। টিকাদান কার্যক্রম চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম গুজব প্রতিরোধে সবার সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান, ড. মো. ইমাম হোসেন, আমির খসরু তারেক উপস্থিত ছিলেন।