মার্চ ৬, ২০২৬ ০৪:২৯

শোকে স্তব্দ ফেনী


বিশেষ প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার নিজ জেলা ফেনীর সবত্র শোকের ছায়া নেমে আসে। ফুলগাজী উপজেলার শ্রীপুরে তাঁর পৈত্রিক বাড়ি। ফেনী-১ আসন থেকে বিপুল ভোটে তিনি টানা ৫বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরমধ্যে তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধীদলীয় নেত্রী ছিলেন। এসময়কালে ফেনীতে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড হয়েছে তাঁর হাত ধরে।


বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জানান, বেগম খালেদা জিয়ার পরিচয়ে ধন্য ফেনী জেলা। দেশের মানচিত্রে এই ছোট জেলাটি দেশের রাজনীতিতে আলোচিত হওয়ার কেন্দ্রবিন্দু দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শুধু দলীয় নেতাকর্মীরাই নয় তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দলীয় সীমানা ছাড়িয়ে দেশের আপামর মানুষের মনের মনি কোঠায়।


বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেন, “ফেনীর মেয়ে খালেদা গর্ব মোদের আলাদা” এটা ছিলো আমাদের প্রাণের স্লোগান। দলমত নির্বিশেষে আমরা ফেনীর মানুষ তাঁকে নিয়ে গৌরববোধ করতাম। তাঁর মৃত্যুতে দেশ যেমন একজন অভিভাবক হারিয়েছে তেমনি ফেনীবাসীরও অপূরণীয় ক্ষতি হয়েছে।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে ফেনীর ঘরে ঘরে কান্নার রোল চলছে। আমরা সপ্তাহব্যাপি শোক ঘোষনা করেছি। জেলার প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন চলছে। দলীয় নেতকর্মী ছাড়াও সাধারণ মানুষ ও কালো ব্যাচ ধারণ করে শোক প্রকাশ করছেন।


ফেনীর সিনিয়র সাংবাদিক মীর হোসেন মীরু বলেন, বেগম খালেদা জিয়ার হাত ধরেই ফেনীর বড় উন্নয়ন গুলো হয়েছে। শহরের রাজাঝির দীঘির পাড় থেকে বিশাল জায়গা জুড়ে জেলা সদর দপ্তর স্থানান্তর, বিজয়সিংহ দীঘির পাড়ে দৃষ্টিনন্দন সার্কিট হাউজ নির্মাণ, ফেনী গার্লস্ ক্যাডেট কলেজ স্থাপন, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট স্থাপন, জেলা কারাগার স্থানান্তর, ফেনী ডায়াবেটিক হাসপাতালের জন্য ভূমি দান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর জন্য ভূমি দানসহ সামগ্রীক উন্নয়নে তার অবদান ফেনীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।


ফুলগাজী উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল আলম স্বপন বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে ফুলগাজী সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি শ্রীপুরের মজুমদার বাড়ির মসজিদ ও মাদ্রাসায় কোরআনখানী, মিলাদ, দোয়ার আয়োজন চলছে।


ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সালেহ উদ্দিন আহমদ মজুমদার জানান, প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে ফুলগাজী উপজেলা সদরে তাঁর (বেগম খালেদা জিয়ার) নিজ মালিকীয় ১.৬৬ একর জমির উপর ১৯৯৪ সালে গড়ে উঠে বেগম খালেদা জিয়া মহিলা কলেজ। বিগত ফ্যাসিস্ট সরকার আমলে বেগম খালেদা জিয়ার নামটি মুছে দেয়া হয়। অধ্যবধি তাঁর দানে গড়ে উঠা প্রতিষ্ঠানটির নাম ফুলগাজী মহিলা কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন