মার্চ ৬, ২০২৬ ০৮:২৮

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কনকনে শীতফেনীতে ঘন কুয়াশা আর হালকাবাতাসে ঝলমলে রোদ


নিজস্ব প্রতিনিধি :

পৌষের মাঝামাঝি সময়ে ঘন কুয়াশা আর হালকা বাতাসে ফেনী জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা। দুপুরের দিকে কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও রোদের ঝলমল বেশিক্ষণ স্থায়ী হয়নি।


জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, গতকাল সকালে ১১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। আগের দিন শুক্রবারও ১১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এর আগে গত রবিবার ১২.৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৩.৩ ডিগ্রি ও শুক্রবার ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেই হিসাবে গত দু’দিনের তাপমাত্রাই চলতি মৌসুমে সর্বনিম্ন।


আবহাওয়া অফিস জানায়, গত ২৮ ডিসেম্বর থেকে জেলায় শীতের তীব্রতা বাড়তে শুরু করে। এরপর টানা তিন দিন সূর্যের দেখা মেলেনি। দিন-রাত ঘন কুয়াশায় শীত জেঁকে বসে। গত বুধবার থেকে দিনের বেলায় সূর্যের দেখা মিলতে শুরু করে। এতে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের বেলায় শীত আরও তীব্র হয়ে উঠছে।


বিভিন্ন এলাকায় দেখা গেছে, প্রয়োজনের তাগিদে মানুষ বাইরে বের হলেও শীতের পোশাক পরে চলাচল করছেন। হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছিল। এই পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষ ও নিম্ন আয়ের জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। রিক্সা ও সিএনজি চালকরা জীবিকার প্রয়োজনে বের হলেও যাত্রী না পেয়ে অনেককে জুবুথুবু হয়ে বসে থাকতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন