মার্চ ৬, ২০২৬ ০৫:৪৭

ফেনীর তিনটি আসনে ভোটের লড়াইয়ে ২৬ প্রার্থী ৪ জনের মনোনয়ন প্রত্যাহার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ৪ জন প্রার্থী। ফলে ভোটের লড়াইয়ে এ জেলায় ২৬ জন প্রতিদ্বন্ধীতা করবেন।


জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন গতকাল মঙ্গলবার এই ৪ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জেলার তিনটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নাজমুল আলম, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ আলী ১০ দলীয় জোটের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ প্যানেলের প্রার্থীদের সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদও মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের তিনটি আসনের কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।


জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক জানান, ৪ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছে। এর ফলে তিনটি আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ২৬ জন। ফেনী-১ আসনে ৭ জন, ফেনী-২ আসনে ১১ জন, ফেনী-৩ আসনে ৮ জন।


এর মধ্যে ফেনী-১ (পরশুরাম- ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা) আসনে বর্তমান প্রার্থী ৭ জন। এরা হলেন- বিএনপির প্রার্থী দলের ঢাকা মহানগর কমিটির আহবায়ক মুন্সি রফিকুল আলম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এসএম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলনের কাজী গোলাম কিবরিয়া, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্ল্যাহ ভূঞা, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন চৌধুরী, মুসলিম লীগের মাহবুব মোর্শেদ মজুমদার।


ফেনী-২ (সদর উপজেলার ১২ ইউনিয়ন ও এক পৌরসভা) আসনে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ১১ জনে। এরা হলেন- বিএনপির প্রার্থী জয়নাল আবেদিন, এবি পার্টির চেয়ারম্যান মো. মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ একরামুল হক ভূঞা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সামসুদ্দিন মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীর (বাসদ) জসিম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিস হারুনুর রশিদ ভূঞা, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী তাহিরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, গণঅধিকার পরিষদের মো. তারেকুল ইসলাম ভূঞা ও আমজনতা দলের সাইফুল করিম মজুমদার ও স্বতন্ত্র মো. ইসমাইল।


ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী উপজেলা) আসনে প্রার্থীর সংখ্যা ৮ জন। এরা হলেন- বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক, জাতীয় পার্টির মো. আবু সুফিয়ান, ইসলামী আন্দোলনের মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) আবদুল মালেক ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে এডভোকেট মোহাম্মদ খালেদুজ্জামান পাটোয়ারী, ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী হাসান আহমেদ।


এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের তারিখ আজ বুধবার। আগামীকাল ২২ জানুয়ারি থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন