মার্চ ৬, ২০২৬ ০৪:২৯

তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে যাবেনভোটের ফল নিয়ে বাড়ি ফিরবেন

দাগনভূঞায় আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “তাহাজ্জুদ ও ফজরের পর ভোট কেন্দ্রে যাবেন। কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের রেজাল্ট স্লিপ নিয়ে বাড়ি ফিরতে হবে। ১২ তারিখের এই নির্বাচন ঠিক করবে বাংলাদেশ কোন দিকে যাবে। অর্থনৈতিক সমৃদ্ধি নাকি মারামারি হানাহানির দিকে যাবে। তারেক রহমানকে ক্ষমতার বসাতে পারলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। উন্নয়ন হবে দলমত নির্বিশেষে। কেউ যেন অপকৌশল করে ভোটের অধিকার হরণ করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।”


তিনি আরও বলেন, “আপনাদের কাছে বহুবার ভোট চাইতে এসেছি আমার বাবার জন্য, ভাইয়ের জন্য। কখনো আপনারা আমাকে খালি হাতে ফেরত দেননি। এবার আপনারা যদি ধানের শীষে একবার ভোট দিয়ে সুযোগ করে দেন তাহলে আমি আপনাদের বলতে পারি যে, জীবনের বাকি দিনগুলো আছে তা আমি আপনাদের সাথে সময় দিয়ে কাটাতে চাই। উন্নয়ন ও কোন ব্যাপারে আপনারা আমাকে ত্রুটি পাবেন না। সারাদেশে যে উন্নয়ন হবে তার চেয়ে বেশি ফেনী-৩ আসনে উন্নয়ন হবে। ফেনী-৩ আসনে রাস্তা-ঘাটের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থসেবার উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”


গতকাল রবিবার বিকালে ফেনীর দাগনভূঞা আতাতুর্ক সরকারী মডেল হাই স্কুল মাঠে নির্বাচনী জনসভায় মিন্টু আরো বলেন, আমাদের সমাজকে আমরা একতাবদ্ধ করে বাংলাদেশের উন্নয়ন করবো। সামাজিক সম্প্রীতি গড়ে তুলবো।


উপজেলা বিএনপির আহবায়ক মো: আকবর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি ও শাহানা আক্তার শানু। সভায় আরো বক্তব্য রাখেন জেলা যুগ্ম-আহবায়ক গাজী হাবিব উল্যাহ মানিক, সদস্য মাহবুবুল হক রিপন, যুবদলের সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, দাগনভূঞা পৌর বিএনপির আহবায়ক সফিকুর রহমান বাবুল, সাবেক সাধারন সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন, সাবেক উপজেলা যুগ্ম-সম্পাদক গিয়াস উদ্দিন বি.কম, সাবেক পৌর সহ-সভাপতি জসিম উদ্দিন হায়দার লিটন, সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে অজয় কুমার দেব প্রমুখ।


সভায় উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন আলমগীরের নেতৃত্বে ২শ নেতাকর্মী আবদুল আউয়াল মিন্টুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।


এর আগে দুপুরে তিনি তার প্রধান নির্বাচনী কার্যালয় দুলামিঞা কটন স্পিনিং মিলস্ এ ফেনীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন