নিজস্ব প্রতিনিধি :
ফেনী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন বিএনপির প্রয়াত চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া। এর আগে একই আসন থেকে সংসদ সদস্য হয়ে বস্ত্র ও পাট, বন ও পরিবেশ সহ বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেন লে. কর্ণেল (অব.) জাফর ইমাম বীর বিক্রম। ২০০৮ সাল থেকে ক্ষমতায় না আসায় মন্ত্রী শূণ্য ছিলো ফেনী।
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনী-৩ আসনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ায় সরকার গঠন কেবল সময়ের ব্যাপার মাত্র। নতুন সরকারের মন্ত্রীসভায় যাদের নাম আলোচনায় আসছে এরমধ্যে শীর্ষস্থানে রয়েছেন আবদুল আউয়াল মিন্টু। দেশের খ্যাতিমান এই শিল্পপতি এর আগে ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর দুইবারের সভাপতি সহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ইতোমধ্যে স্বীয় যোগ্যতায় তিনি বেশ কয়েকটি পুরষ্কারও অর্জন করেছেন।
জানা গেছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নতুন মন্ত্রীসভা প্রবীণ ও নবীনের সমন্বয়ে গঠিত হবে। এতে বিগত বিএনপি সরকারের (২০০১ থেকে ২০০৬) মন্ত্রীসভার সদস্যরা যেমন স্থান পেতে পারেন, তেমনি একেবারে নবীন, অর্থাৎ প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন- এমন ব্যক্তিদেরও রাখা হবে।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বেগম খালেদা জিয়ার পর ফেনীবাসী আর মন্ত্রী পায়নি। এবার মন্ত্রী পাওয়া ফেনীবাসীর দীর্ঘদিনের প্রতিক্ষার অবসান হবে। এর মধ্য দিয়ে ফেনী জেলায় উন্নয়নও ত্বরান্বিত হবে।
জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, ফেনী থেকে এমপি-মন্ত্রী হবেন কিন্তু প্রধানমন্ত্রী পাবোনা। এটি আমাদের চিরদিনের আক্ষেপ। তবু নতুন সরকারে মন্ত্রী পেলে সেটি ফেনীবাসীর জন্য আনন্দের।