দাগনভূঞা প্রতিনিধি :
অমর একুশের শ্রদ্ধা জানাতে ভাষাশহীদ সালামনগরে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল। শনিবার সকাল থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের সালামনগরে শহীদ মিনারে দল বেঁধে শ্রদ্ধা জানান। ভাষা শহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর সংলগ্ন শহীদ মিনার ফুলে ফুলে ভরে ওঠে। এসময় তারা ভাষাশহীদ সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এবং সালামের পৈতৃক বসতঘর ঘুরে দেখেন। ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলাপ্রশাসক মনিরা হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার শফিকুর রহমান, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম। সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফেনী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন ভাষা শহীদ আবদুস সালামের ভাতিজা নুরে আলম। শেষে মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ওইদিন সকাল থেকে সালাম নগর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ভাষাশহীদ সালাম স্মৃতি পরিষদ, দাগনভূঞা প্রেসক্লাবসহ শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।