শহর প্রতিনিধি :
ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের দারুল ইসলাম সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, সেক্রেটারী মুহাম্মদ আবদুর রহীম। শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি সামাউন হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আরফান উদ্দিন ও শহর কর্মপরিষদ সদস্য রুহুল আমিন।
বক্তারা বলেন, যেকোনো অধিকার আদায়ের আন্দোলনে ভূমিকা রাখতে হলে মাতৃভাষার ওপর সঠিক ও শক্তিশালী দখল রাখা অত্যন্ত জরুরি।
অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া তার বক্তব্যে বলেন, “৫২-এর ভাষা আন্দোলন আমাদের শিখিয়েছে কীভাবে মাথা নত না করে নিজের অধিকার আদায় করতে হয়। বর্তমান সময়ের প্রতিকূলতা মোকাবিলায় এবং আদর্শিক আন্দোলনে নেতৃত্ব দিতে হলে আমাদের নেতা-কর্মীদের ভাষার সঠিক প্রয়োগ ও চর্চায় আরও মনোযোগী হতে হবে।”
মুফতি আবদুল হান্নান বলেন, “মাতৃভাষার মর্যাদা রক্ষা করা ঈমানের দাবি। জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে ভাষার দক্ষতা অর্জনের বিকল্প নেই।”
শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।