দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা থানার লুন্ঠিত ২১৯পিস গুলি দীর্ঘ ১৮ মাস পর উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে থানা পুকুর থেকে গুলি গুলো উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগষ্ট সন্ধ্যায় ৪০-৫০ জন দুবৃর্ত্ত থানায় অগ্নিসংযোগ, হামলা এবং লুটপাট চালায়। এসময় হামলায় তৎকালীন ওসি আবুল হাসিম সহ দুই কনস্টেবল আহত হন। ৭টি পিস্তল এবং ৩৬৫পিস গুলি নিয়ে যায় দুবৃর্ত্তরা। পরে স্থানীয় লোকজন বিভিন্ন স্থান থেকে ৫টি পিস্তল থানায় জমা দিলেও বাকী দুটি পিস্তল এবং গুলি উদ্ধার করতে পারেনি পুলিশ।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, থানার লুঠ হওয়া অস্ত্র ও গুলি পুকুরে থাকতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুকুরে সেচ দেয়া হয়। অস্ত্র না পেলেও ২১৯ পিস গুলি উদ্ধার করা হয়েছে। গুলি গুলো মামলার আলামত হিসেবে থানায় জব্দ করা হয়েছে। থানার অস্ত্র ও বাকী গুলি উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে আসছে।