মার্চ ৬, ২০২৬ ০৪:২৯

দুদকের অভিযান সোনাগাজীতে ঘুষের টাকাসহ

পিআইও ও কার্যসহকারি গ্রেফতার


নিজস্ব প্রতিনিধি :

সোনাগাজী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল সাঈদ ও কার্যসহকারি আবু নাছেরকে ঘুষের এক লাখ টাকাসহ হাতে নাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে অফিস চলাকালে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


দুদক জানায়, সোনাগাজী উপজেলা পিআইও আল সাঈদ পাঁচটি ব্রিজের কাজের বিল পাস করিয়ে দেয়ার কথা বলে মো. হুমায়ুন কবির নামে একজন সাব-কন্ট্রাক্টের কাছে ১২ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষের টাকা না দেয়ায় পিআইও তার বিল পরিশোধ না করে উল্টো হয়রানি করতে থাকেন। পরবর্তীতে ঠিকাদার হুমায়ুন কবির পিআইওকে সাড়ে পাঁচ লাখ টাকা দিয়ে বিলের টাকা পেতে তার কাছে ঘুরতে থাকেন। কিন্তু পিআইও আরও এক লাখ টাকা না দিলে বিল পেতে দেরি হবে বলে জানায়। পরে গত সোমবার ঠিকাদার হুমায়ুন কবির দুদক নোয়াখালী সমন্বিত কার্যালয়ে হাজির হয়ে পিআইও আল সাঈদ ও কার্যসহকারি আবু নাছেরের বিরুদ্ধে অভিযোগ করেন। ঠিকাদারের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক ফারুক আহমদের তত্ত্বাবধানে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ কার্যালয়ের পিআইও অফিসে অভিযান পরিচালিত হয়। এসময় পিআইও ও কার্যসহকারির কাছ থেকে ঘুষের ১লাখ টাকা জব্দ করা হয়। পরে বিকাল পাঁচটা পর্যন্ত পিআইও অফিসে তল্লাশি চালিয়ে বেশ কিছু অনিয়ম ও দূর্নীতির তথ্য-উপাত্ত পাওয়া গেছে। একই সঙ্গে অসঙ্গিত পাওয়া বেশকিছু কাগজপত্র ও ফাইল জব্দ করা হয়েছে।


দুদকের উপপরিচালক ফারুক আহমেদ বলেন, গ্রেফতার পিআইও আল সাঈদ ও কার্যসহকারি আবু নাছেরের বিরুদ্ধে দুদকের উপসহকারি পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে বিকালে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন