মার্চ ১১, ২০২৬ ২৩:০২

পরিবেশ মন্ত্রী মিন্টু ও পানি সম্পদ মন্ত্রী এ্যানির পরিদর্শন

দ্রুত মুছাপুর রেগুলেটরের কাজ দৃশ্যমান হবে


নোয়াখালী প্রতিনিধি :

প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবংনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচি পরিদর্শনে এসে পানি সম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী মো:  শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেন, মুছাপুর রেগুলেটরের পুন: নির্মাণ কাজ দ্রুত শুরু হবে এবং অচিরেই দৃশ্যমান হবে। গতকাল মঙ্গলবার দুপুরে মুছাপুর রেগুলেটর এলাকায় এ অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমি গতকালও মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মুছাপুর রেগুলেটর পুন: নির্মাণ প্রকল্প বিষয়ে কথা বলেছি। তিনি বিষয়টি জানেন, ২৪ এর বন্যা এবং রেগুলেটরের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত বলেই আমাকে প্রধানমন্ত্রী পরিদর্শনে পাঠিয়েছেন। প্রকল্পটি আগামী একনেকে এগিয়ে নেয়া হবে। আশা করি, অতিদ্রুত কাজ শুরু এবং দৃশ্যমান কাজ শুরু করা হবে।
তিনি আরও বলেন, মুছাপুর রেগুলেটর শুধু মুছাপুর এলাকার সমস্যা নয়। এটি বৃহত্তর নোয়াখালীবাসীর জন্য সমস্যা। এ সমস্যা ২০০৩ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিহ্নিত করেছিলেন বলেই ২০০৫ সালে তিনি নিজেই মুছাপুর রেগুলেটর প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করেছেন।


তিনি বলেন, মুছাপুর রেগুলেটর ২০২৪ সালে ভারতীয় নদীর উজানের ঢলের পানির তীব্র স্রোতে রেগুলেটরটি বিলীন হয়ে যায়। এরপর থেকে আবার এ উপকূলে সংগ্রাম শুরু হয়ে যায়। মানুষ ঘর বাড়ি নিয়ে লড়াই শুরু করে। আমরা ভয়ে আছি আগামী মে মাসে বর্ষায় কি হবে। এ মুছাপুর রেগুলেটরের প্রয়োজনীয়তা সম্পর্কে আমার ধারনা ছিলোনা। আমাকে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ভাই ও স্থানীয়  এমপি ফখরুল ইসলাম রেগুলেটরটি বিলীন হয়ে যাওয়ায় মানুষের যে দূর্ভোগ সে বিষয়টি জানিয়েছেন।


এসময় আরও বক্তব্য রাখেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি, নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ প্রমূখ।


নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো: এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব) মো: মাহবুবর রহমান, প্রধান প্রকৌশলী কুমিল্লা (পূর্বাঞ্চল) মো: আবু বক্কর সিদ্দিক, ফেনী পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান মাহমুদ, নোয়াখালী পুলিশ সুপার টি. এম. মোশারফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।


পরে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এমপি, পানি সম্পদ মন্ত্রী মো: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, নোয়াখালী-৫ আসনের এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম বামনী ক্লোজারের কাজ উদ্ধোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন