অনলাইন ডেস্ক :
ফেনীতে মানবাধিকার সুরক্ষার দাবিতে আয়োজিত এক শান্তিপূর্ণ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনায় আইডিয়াল সোশ্যাল ডেভেলপমেন্ট টিম (ISDT)-এর প্রধান পৃষ্ঠপোষক ও মানবাধিকার কর্মী আবদুল্লাহ মুহাম্মদ তারেক গুরুতর আহত হয়েছেন।
গত ৯ আগস্ট শহরের একটি স্থানে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সমাবেশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে হঠাৎ স্থানীয় আওয়ামী লীগ নেতা দিদারুল কবির রতন ও শুশীল চন্দ্র শীলের নেতৃত্বে একদল হামলাকারী লাঠি, বাঁশ ও ধারালো অস্ত্র নিয়ে সমাবেশস্থলে ঢুকে পড়েন এবং অংশগ্রহণকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালান।
হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন আবদুল্লাহ মুহাম্মদ তারেক। তাকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে এবং কয়েকটি হাড় ভাঙার আশঙ্কা করা হচ্ছে।
আহত তারেক সাংবাদিকদের জানান, হামলার পর তিনি ফেনী মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। পরবর্তীতে আদালতের মাধ্যমে মামলা দায়ের করেন তিনি।
এ ঘটনায় ফেনীর সাধারণ মানুষ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন ক্ষোভ প্রকাশ করেছেন। একাধিক নাগরিক বলেছেন, “শান্তিপূর্ণ প্রতিবাদে এমন বর্বর হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন। প্রশাসনের নীরবতা আরও উদ্বেগজনক।”
হামলার ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন বা অভিযুক্তদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।