মার্চ ৬, ২০২৬ ১১:৫৪

ত্রাণের টাকা নিয়ে সন্দেহ-সংশয় থাকলে জানতে ২১ জুলাই আসুন

নিজস্ব প্রতিনিধি :
২১ জুলাই সোমবার ফেনী আসছেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেদিন নেতাদের ফেনী আসাকে কেন্দ্র করে একটি মহল টিএসসিতে বন্যার্তদের জন্য ত্রাণ উত্তোলন নিয়ে নতুন করে বিতর্ক তৈরির ষড়যন্ত্র করছে অভিযোগ দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের।

সালেহ উদ্দিন সিফাত সামাজিক যোগাযোগ মাধ্যম এক ফেসবুক স্ট্যাটসে বলেন, ‘একটি মহল টিএসসি’তে বন্যার্তদের জন্য ত্রাণ উত্তোলন নিয়ে নতুন করে বিতর্ক তৈরির ষড়যন্ত্র করছে। অথচ ত্রাণের টাকা উত্তোলনের পর এক মাসের মধ্যেই তার পূর্ণাঙ্গ হিসাব অডিট করে সংবাদ সম্মেলন করে প্রকাশ করেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে বিভিন্ন পত্রিকার রিপোর্ট এবং মাল্টিমিডিয়া রিপোর্ট আছে। প্রতিবেদন অনুযায়ী, গণত্রাণের ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা দুটি ব্যাংক হিসাবে সংরক্ষিত আছে। এর মধ্যে ৮ কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়। বাকি ১ কোটি ৯১ লাখ টাকা দেশের উত্তরাঞ্চলে বন্যাকবলিত জেলাগুলোর মানুষের জন্য খরচ করা হয়।’

এ সময় তিনি আরো বলেন, ‘আজ দেখলাম একজন খতিব সাহেবও উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং না জেনে ভুল তথ্য প্রচার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করেছেন। যা পরবর্তীতে নিষিদ্ধ সংগঠনের ফেনী জেলা সভাপতি নুরুল করিম জাবেদ শেয়ার করে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে। এবং এই প্রোপাগাণ্ডা ক্যাম্পেইনে সচেতন-অসচেতনভাবে অনেকেই যুক্ত হচ্ছেন। ত্রাণ উত্তোলন পরবর্তী সংবাদ সম্মেলনের পরও যদি আপনাদের মনে এই নিয়ে কোনো সংশয়-সন্দেহ থেকে থাকে তবে চলে আসুন ২১ তারিখ ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে সরাসরি শুনুন হিসাব-খতিয়ান। যে বাচ্চা-কাচ্চারা মাত্র ১ মাসের মধ্যে উত্তোলনকৃত অর্থের অডিট রিপোর্ট প্রকাশ করতে পারে, সে বাচ্চা-কাচ্চারা প্রয়োজনে আবারও আপনাদের সামনে হিসাব দিবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন