নিজস্ব প্রতিনিধি :
ফেনীতে আগামীকাল সোমবার বিকাল ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পদযাত্রা সফল করতে জেলা শহর ছাড়াও উপজেলা সদরেও প্রতিদিন লিফলেট বিতরণ ও গণসংযোগ করছে এনসিপি নেতাকর্মীরা।
গতকাল শনিবার বিকালে এ উপলক্ষে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বলেন, সারাদেশের ন্যায় ২১ জুলাই বিকাল ৫টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এছাড়া মহিপালেও পথসভায় বক্তব্য রাখবেন। পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, যে কোন ধরণের পরিস্থিতি মোকাবেলায় এনসিপি সজাগ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ফেসবুকে অপপ্রচার করে কোন লাভ হবে না। এনসিপি তাদের কর্মসূচি চালিয়ে যাবে।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভী বলেন, ফেনীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশেও এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশ গড়ার প্রত্যয়ে আমরা সচেষ্ট রয়েছি।
সাংবাদিক সম্মেলনে জেলা সংগঠক শাহওয়ালী উল্লাহ মানিক, আবদুল্লাহ আল জোবায়ের, মোহাইমিন তাজিম, আবদুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।