জুন ১৭, ২০২৬ ১৬:৫১

১৮ বর্ষে দৈনিক ফেনীর সময় 

মোহাম্মদ শাহাদাত হোসেন 

দৈনিক ফেনীর সময় ১৭ পেরিয়ে আজ ১৮ বছর পদার্পণ করছে। এই শুভ দিনে আমাদের সকল পাঠক শুভানুধ্যায়ী লেখক ও সাংবাদিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। 

২০০৯ সালের এই দিনে যখন দৈনিক ফেনীর সময় যাত্রা শুরু করে তখন ফেনী থেকে দৈনিক পত্রিকার নিয়মিত প্রকাশনা ছিল দুঃস্বপ্নের মত।সেই কঠিন যাত্রায় এক ঝাঁক নবীন প্রবীন লেখক সাংবাদিক নিঃস্বার্থভাবে এগিয়ে আসেন। তাঁদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।  

শুরু থেকেই আমরা কথা দিয়েছিলাম ফেনীর সময় এর মূলনীতি হবে ‘সবার কাগজ- সবার খবর’।সেই সত্য মনে প্রাণে ধারণের চেষ্টা করেছে টীম ফেনীর সময়। এজন্য অনেক মূল্যও দিতে হয়েছে। প্রায় দুই দু’ডজনের মতো সাজানো মামলা হয়েছে সম্পাদকের বিরুদ্ধে। সেই গায়েবী মামলায় দীর্ঘ সময় আদালতের বারান্দায় দৌড়াতে হয়েছে।২৪ এর একতরফা নির্বাচনের আগেও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে ফেনীর সময়কে হেনস্থা করার অপচেষ্টা করেছিল তৎকালীন সরকারদলীয়রা। সম্পাদকের সঙ্গে প্রধান প্রতিবেদক এর বিরুদ্ধেও মামলা দেয়া হয়েছিল। অবশ্য আমাদের সুপ্রিয় পাঠক ও গণমাধ্যম কর্মীদের তীব্র প্রতিবাদ এবং জনরোষে এক পর্যায়ে সেই মিথ্যা মামলা প্রত্যাহারে বাধ্য হন আওয়ামী লীগ নেতা। 

শুধু তাই নয় পত্রিকাটি প্রকাশের ১৬ বছর পাঁচ মাস মিডিয়া তালিকাভুক্তি থেকে বঞ্চিত হতে হয়েছে। সরকারি মিডিয়া ভুক্তি ছাড়া নিয়মিত পত্রিকা প্রকাশনায় নজীর স্থাপন করেছে দৈনিক ফেনীর সময়। শুধু ফেনী নয় প্রচার সংখ্যা ও পাঠক প্রিয়তায় বৃহত্তর নোয়াখালীতে শীর্ষস্থানে রয়েছে ফেনীর সময়। এক্ষেত্রে সম্মানিত পাঠকগণই আমাদের নেপথ্যের শক্তি হিসেবে প্রেরণা যুগিয়েছে।এছাড়া সহকর্মী বন্ধুদের অবদানও কম নয়।নানা বাধা বিপত্তি ডিঙিয়ে যারা বিজ্ঞাপন দিয়ে পৃষ্ঠপোষকতা করেছেন তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সব ষড়যন্ত্র, চক্রান্ত, বাধা-বিপত্তি অতিক্রমে ফেনীর সময় পরিবারের সদস্যরা যারা দৃঢ় প্রত্যয়ে কাজ করেছেন-তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা সব সময়।প্রতিবারের মতো এবার আমাদের স্লোগান হচ্ছে ‘অদম্য ১৮’। ১৮ মানে প্রতিবাদ, ১৮ মানে বাধা হীন পথচলা।১৮ মানে তারুণ্য।সব বাধা অতিক্রম করে আমরা সেই তারুণ্যের জয়গান গাইতে চাই। যেই তরুণরা আমাদের দেশের জন্য বারবার প্রাণ দিয়েছে তাদের প্রতি আমাদের অসীম শ্রদ্ধা। সেই তরুণদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।      

প্রিয় পাঠক, দৈনিক শ্রেণীর সময় আপনাদের পত্রিকা। এটি কোন বিশেষ দল গোষ্ঠী বা শিল্প গ্রুপের মুখপাত্র নয়।ফেনীর সময় সব সময় জনগণের মুখপাত্র হয়ে থাকবে।২০২৪ সালের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আগে দৈনিক ফেনীর সময় যেমন সত্য ও সুন্দরের পক্ষে ভূমিকা রেখে নানা বাধা-বিপত্তিতে পড়েছে, ঠিক তেমনি পরিবর্তিত প্রেক্ষাপটেও অপ্রিয় সত্য প্রকাশ করে  স্বার্থান্বেষীদের আক্রমণের টার্গেট হয়েছে। আমরা আবারো সুপ্রিয় পাঠকদের দৃঢ়ভাবে বলতে চাই,আপনাদের সমর্থনে অতীত সময়ে আমরা যেমন সত্য প্রকাশে কুণ্ঠাবোধ করিনি তেমনি ভবিষ্যতেও আমাদের পথ চলা অব্যাহত থাকবে। 

এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ এবং আনন্দ আয়োজনের প্রস্তুতি চলছে।

লেখা ও বিজ্ঞাপন দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আবারো আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা। আল্লাহ আমাদের সহায় হোন।       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!