নিজস্ব প্রতিনিধি : ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের বাংলা বাজারের পাশের সড়কে আবদুল হক (৪৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায় তারা। শুক্রবার রাত সাড়ে ৯টায় দিকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। পরে গতকাল শনিবার ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবদুল হক ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে পাঠান নগর বাজারে যাওয়ার কথা বলে আবদুল হকের ব্যাটারি চালিত অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাংলা বাজারের পাশের সড়কে পৌঁছালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ‘পথচারীরা আহত আবদুল হক কে দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে থানার এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ফেনী ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যাত্রীবেশে আসা দুর্বৃত্তরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
মহামায়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য আবদুল কাইয়ুম মেম্বার জানান, কয়েক মাস আগে আবদুল হক কিস্তিতে ব্যাটারি চালিত অটোরিকশাটি কিনেছিলেন। নিজেই সেটি চালিয়ে পরিবারের ভরণপোষণ করতেন তিনি।
মৃত্যুকালে আবদুল হক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যদের রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।