অক্টোবর ২৫, ২০২৬ ১৪:১৭

দ.হরিপুর  দীঘিতে মাছ ধরা নিয়ে হামলার ৬দিন পর কফিলের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি :

ছাগলনাইয়া উপজেলায় দীঘিতে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে শাহ কফিল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়। সে ঢাকায় একটি ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকুরীরত ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭অক্টোবর শনিবার সকালে ছাগলনাইয়া উপজেলার পাঠান নগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর গ্রামের দেওয়ান বাড়ি দীঘিতে মাছ ধরতে যান ৮০শতাংশ অংশের শরিকরা। মাছ ধরার বিষয়টি আগে থেকেই সবাইকে জানানো হয়েছিল বলে দাবি পরিবারের। তবে মাছ ধরার সময় অপর পক্ষের লোকজন জেলেদের ওপর হামলা চালিয়ে জাল ছিঁড়ে ফেলে এবং তাদের তাড়িয়ে দেয়।

পরে বিষয়টি নিয়ে সমঝোতার উদ্যোগ নেয়া হলেও অপর পক্ষ দীঘির পাড়ে আসেনি বলে জানা গেছে। এর কিছুক্ষণ পর নিহতের বড় ভাই বোরহান স্থানীয় ছেরু মিয়ার বাজারের একটি দোকানে গেলে তাকে ধরে নিয়ে মারধর করা হয়। এসময় ভাইকে রক্ষা করতে গেলে কফিল উদ্দিনের ওপরও হামলা চালানো হয়। নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্ত তিন সহোদর কাঠের টুকরা দিয়ে কফিল উদ্দিনকে বেধড়ক পিটিয়ে হত্যার চেষ্টা চালায়।

গুরুতর আহত অবস্থায় কফিল উদ্দিনকে উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি নেয়া হয়। সেখানে গতকাল শুক্রবার বিকেলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার পর তার মৃত্যু হয়।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের বলেন, এ ঘটনায় হাবিবুর রহমান চটন (৪৮) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর দুই আসামি গোলাম মাহমুদ আজিম ও লিটন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!