অক্টোবর ২৫, ২০২৬ ১৪:১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: চালকের ছদ্মবেশে সিএনজি অটোরিকশা ছিনতাই আতঙ্ক, টার্গেট নারীরা


মো.এমদাদ উল্লাহ,চৌদ্দগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় বাড়ছে আতঙ্ক। সাম্প্রতিক সময়ে সিএনজি অটোরিকশা ও মিশুক চালকের ছদ্মবেশে ছিনতাইয়ে টার্গেট করা হচ্ছে নারীদের। দিন দুপুরে ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক বেড়েছে মহাসড়কে চলাচলকারী নারী যাত্রী ও জনসাধারণের মাঝে।

জানা গেছে, দৈনন্দিন কাজে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতায়াত করেন। স্বল্প দূরত্বে যাতায়াতের অন্যতম ও সহজ মাধ্যম সিএনজি অটোরিকশা ও মিশুক। চালক বেশে যাত্রী উঠিয়ে নির্জন স্থান এলাকায় পৌঁছলে এই চালকরাই হয়ে উঠছেন ছিনতাইকারী। কিছু কিছু ঘটনায় চালকের সাথে সহযোগী থাকার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।

গত ১৮অক্টোবর রবিবার দুপুরে মিশুক নিয়ে রোগী দেখতে ট্রেনিং সেন্টার থেকে হাড়িসর্দার এলাকায় যাচ্ছিলেন চৌদ্দগ্রাম ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক ডা: জিনিয়া জামান। পথিমধ্যে মহাসড়কের অফ-বিট হোটেলের সামনে পেছন থেকে আসা সিএনজি অটোরিকশা থেকে হাতে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এতে অন্ত:সত্ত্বা ওই চিকিৎসক পড়ে আহত হন।

গত ৭সেপ্টেম্বর বিকেলে ছিনতাইয়ের শিকার হন হাছিনা বেগম (৩৮) নামের অপর এক নারী। মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী থেকে পার্শ্ববর্তী পদুয়া বাজারের উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় উঠেন তিনি। সিএনজিতে থাকা চালক ও যাত্রীবেশে ছিনতাইকারী চক্র তাকে অজ্ঞান করে মহাসড়কের ফালগুনকরা দিঘী ও মাজারের মাঝামাঝি একটি নির্জন স্থানে মারধর করে তার দুইটি কানের দুল, মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়। ওই নারীর চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

পরদিন ৮সেপ্টেম্বর মঙ্গলবার রাতে মহাসড়কের চৌদ্দগ্রামের চিওড়া রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফিরছিলেন আবদুল আলিম ফরায়েজী নামে এক ব্যবসায়ী। এসময় সিএনজিতে থাকা চালকসহ দুর্বৃত্তরা আবদুল আলিম ফরায়েজীকে কুপিয়ে জখম করে সাথে থাকা নগদ টাকা লুটে নেয় এবং সিএনজি অটোরিকশা তাকে থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

এর দুইদিন পর ১০সেপ্টেম্বর বৃহস্পতিবার ছিনতাইয়ের শিকার হন উপজেলার আঞ্জুমান আরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ফাহিমা আক্তার। তিনি জগন্নাথদিঘী এলাকার তার শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্যে মহাসড়কের পদুয়া রাস্তার মাথা থেকে সিএনজি অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় থাকা চক্র আঞ্জুমানআরা বিদ্যালয়ের সামনে না নামিয়ে তাকে মারধর করে তার সাথে থাকা মোবাইল ও স্বর্ণালংকার ছিনতাই করে চিওড়া এলাকায় ফেলে যায়।

গত ১৯ সেপ্টেম্বর বিকেলে মুরাদনগর থানার সুমন্ডা গ্রামের মো. আলাউদ্দিন কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড থেকে যাত্রী হয়ে মাইক্রোতে ওঠেন। এ সময় মাইক্রোতে থাকা ছিনতাইকারী চক্র রাত আনুমানিক ১০টার দিকে তাকে আহত করে সবকিছু নিয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদিঘী ইউনিয়নের কাঁঠাল গাছতলায় ফেলে যায়।

একই মাসের ২৭ সেপ্টেম্বর রোববার রাত আনুমানিক ১১টার সময় ছিনতাইয়ের শিকার হন চৌদ্দগ্রাম বাজার সংলগ্ন আজমির হোটেলের মালিক পারভেজ এর পরিবার। পারভেজের বাবা নজির আহাম্মদ বলেন, ছেলে, ছেলের বউ, ভাতিজি ঐদিন বিসিক শিল্পনগরী সংলগ্ন আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বের হন। এসময় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি যাওয়ার পথে অটোরিকশাতে থাকা একটি চক্র চলন্ত অবস্থায় টান দিয়ে হাতব্যাগ নিয়ে যায়। এসময় তাৎক্ষণিক দৌড়িয়েও আর অটোরিকশাটি ধরতে পারেনি।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরঞ্জন কুমার বলেন, ‘মহাসড়কে আমাদের টহল জোরদার করা হয়েছে, হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত আছে। মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে টহল টিমকে আরো সক্রিয় করা হয়েছে।

চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফ হোসাইন এসব ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে জানিয়ে বলেন, ‘প্রায়ই কিছু কিছু সিএনজি অটোরিকশার মধ্যে লোক বসে থাকে এবং পথের মধ্যে যাত্রী উঠিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে। আমরা এসব অবৈধ সিএনজি অটোরিকশা ও চালক যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে প্রায়ই অভিযান করি এবং অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!