ত্রয়োদশ জাতীয় নির্বাচন
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেনী-২ আসনে ইতিমধ্যে ভোটের আমেজ বিরাজ করছে। বিশেষ করে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের একাংশ ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করলেও অন্যরা উজ্জিবিত হয়ে উঠেছে। মনোনয়ন পেয়ে আজ থেকে মাঠে নামছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। এখানে দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামীর মনোনয়নে দাঁড়িপাল্লা প্রতীকে প্রচারণায় রয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
সংশ্লিষ্ট সূত্র ও দলীয় নেতাকর্মীরা জানান, ছাত্রাবস্থায় ফেনী সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি হওয়ায় জয়নাল আবদীনের নামের সাথে ভিপি যুক্ত হয়। রাজনীতির পাশাপাশি অধ্যাপনাও করতেন জাসদ ছেড়ে বিএনপিতে যোগ দেয়া এ নেতা। ১৯৮৮ সালে জাসদ, ২০০১ ও ২০০৮ সালে বিএনপি থেকে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হন জেলা বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক জয়ানাল আবদীন ভিপি।
এদিকে জামায়াতের দীর্ঘদিনের জেলা আমিরের দায়িত্বের পাশাপাশি চৌদ্দগ্রামের একটি কলেজে অধ্যাপনা করতেন লিয়াকত আলী ভূঁইয়া। ইতিমধ্যে নির্বাচনী এলাকার সর্বত্র চষে বেড়িয়েছেন। বিভিন্ন সড়ক-মহাসড়কে তার ছবি সংবলিত বিলবোর্ড, ফেস্টুন শোভা পাচ্ছে।
জয়নাল আবদীন ভিপি ও লিয়াকত আলী ভূঁইয়া দু’জনই দীর্ঘদিন জেলায় বিএনপি-জামায়াতের রাজনীতিতে নেতৃত্ব দেন। ফলে নিজ নির্বাচনী এলাকা ছাড়াও জেলাব্যাপী তাদের ব্যাপক পরিচিতি রয়েছে। ভোটাররা এ দুই ‘অধ্যাপক’ এর ভোটের লড়াই দেখতে বেশ উৎসুক রয়েছেন।
নির্বাচনে ভোট দিয়ে কাকে জনপ্রতিনিধির চেয়ারে বসাবেন সে বিষয়ে হিসাব-নিকাশ শুরু হয়েছে। এক্ষেত্রে স্থানীয়দের সঙ্গে প্রার্থীদের সম্পর্ক ও বিগত দিনে দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তারাই ভোটযুদ্ধে এগিয়ে থাকবেন বলে মনে করছেন ভোটাররা।