মার্চ ৬, ২০২৬ ০৫:৪৬

ফেনীতে এনআরবি ব্যাংক থেকে গ্রাহকের টাকা গায়েব, মামলা

শহর প্রতিনিধি :
ফেনীতে এনআরবি ব্যাংক থেকে গ্রাহকের ২ লাখ টাকা অদৃশ্যভাবে গায়েব হয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক আবু নাছের বাদি হয়ে আদালতে মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৩ সেপ্টেম্বর শহরের শহীদুল্লা কায়সার সড়কের এন.আর.বি ব্যাংকে ২০৮১১৯০০৭৮১৯৬ একাউন্ট খোলেন। বিভিন্ন সময়ে এসিষ্ট্যান্ট অফিসার সাইকা আক্তারের মাধ্যমে ৫ দাপে ২ লাখ ১ হাজার টাকা জমা দেন। এর প্রেক্ষিত ব্যাংক স্টেটমেন্টও নেন। বিশেষ প্রয়োজনে ৭ সেপ্টেম্বর ব্যাংকে গিয়ে চেক বই পাননি। একপর্যায়ে কৃষি ব্যাংক মুক্ত বাজার শাখার হিসাব নং ২৭৭৮০২১০০০২৩২৪ এ ২ লাখ টাকা ট্রান্সফার করতে বলা হলে তখন একাউন্টে শুধুমাত্র ৪২৫ টাকা দেখতে পান। বিষয়টি ব্যাংকের ব্যবস্থাপককে জানালেও তিনি কোন ব্যবস্থা গ্রহন করেননি।

আবু নাছের আরো অভিযোগ করেন, ৮ সেপ্টেম্বর ব্যাংক স্টেটম্যান্ট সংগ্রহ করে ডাচ বাংলা ব্যাংক, বিকাশ ও নগদের মাধ্যমে ব্যাংক ম্যানেজার মো: ইসমাইল হোসেন, ট্রেইনি অফিসার মো: ইমরান হোসেন, এসিস্ট্যান্ট অফিসার সাইকার আক্তার তার একাউন্ট থেকে গচ্ছিত রাখা ২ লাখ ১ হাজার টাকার মধ্যে ২ লাখ ৫৭৫ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় তিনি ১৪ সেপ্টেম্বর লিগ্যাল নোটিশ প্রদান করেন। লিগ্যাল নোটিশের পরও কোন কার্যকর পদক্ষেপ গ্রহন না করায় মামলা দায়ের করেন।

আবু নাছের জানান, ব্যাংক কর্মকর্তারা আমানত রক্ষার দায়িত্ব নিয়ে আমানতের খেয়ানত করেছেন। বিশ্বাস ভঙ্গ করেছেন। টাকা আত্মসাৎ করেছেন। আমি এর বিচার চাই।
বাদিপক্ষের আইনজীবী মো: আইয়ুব আলী মিলন জানান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়েরের পর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি প্রতিবেদন জমা দেয়ার তারিখ ধার্য রয়েছে।

এ ব্যাপারে ব্যাংকের ফেনী শাখার ব্যবস্থাপক মো: ইসমাইল হোসেন এর বক্তব্য জানতে গতকাল যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে তিনি মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন