নিজস্বপ্রতিনিধি:
তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলাকে ট্রাইবেকারে ৮-৭ গোলে হারিয়ে সোনাগাজী উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম ও সদ্য সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন।
এসময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, জেলা আনসার কমান্ডার মো. হেলাল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার উপস্থিত ছিলেন। ম্যান অব দা ম্যাচ হয়েছেন নাজমুল, সেরা গোলকিপার মিরাজুল ইসলাম ও সেরা গোলদাতা মো. ইয়াসিন।
জেলা প্রশাসক মনিরা হক বলেন, “তারুণ্যের শক্তি একটি জাতিকে এগিয়ে দেয়। তারুণ্য যদি শক্তি, মেধা মননে এগিয়ে যায় তাহলে দেশ এগিয়ে যায়। তারুণ্যকে এগিয়ে আসতে হবে। যারা আজ জয়ী হয়েছে তাদের অভিনন্দন।”
পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, “সুষ্ঠু বিনোদন হলো ফুটবল খেলা। ফুটবল খেলা আমাদের বিনোদন দেয়। আজকে আমরা এখানে সকলে মিলে একত্রিত ফেনী। এখানে আলাদা কেউ জয়লাভ করছে তা না, জয়লাভ করছে খেলা। আমরা ঐক্যবদ্ধ থাকবো। নিজেদের অপরাধ থেকে দূরে রাখবো।”
টুর্নামেন্টে এবারে জেলার ৬টি উপজেলা দল অংশগ্রহণ করে।