* প্রধানমন্ত্রী আসবেন সড়ক পথে
* বাড়ানো হচ্ছে কয়েক স্তরের নিñিদ্র নিরাপত্তা
* নিরাপত্তায় থাকবে ৩ হাজার পুলিশ
* মোতায়েন থাকবে ৯ প্লাটুন বিজিবি
* সাজসাজ রব দুই উপজেলায়
নিজস্ব প্রতিনিধি : আগামী পরশু বৃহস্পতিবার ফেনী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে গতকাল তার কার্যালয় থেকে সফরসূচি প্রকাশ করা হয়েছে। জেলার পরশুরাম ও ফুলগাজীতে তার সফরকে ঘিরে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। ইতিমধ্যে রবিবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলার উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্ন দিক-নির্দেশনা দেয়া হয়।
এছাড়া দুই উপজেলায় নেয়া হচ্ছে কয়েক স্তরের নিñিদ্র নিরাপত্তা। ইতিমধ্যে এসএসএফ ও গোয়েন্দা সংস্থা বিভিন্নভাবে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
সফর সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দিন সকাল ৮টায় সড়ক পথে ফেনীর উদ্দেশ্যে রওনা হবেন। বিকালে ফুলগাজীর সভা শেষে হেলিকপ্টার যোগে চলে যাবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান একনেকে অনুমোদিত ১হাজার ৫শ ৪২কোটি টাকার ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করবেন। পরশুরাম ঘাটঘর ব্রীজের পাশে সেখানে দুপুর সাড়ে ১২টায় এ প্রকল্প উদ্বোধন করার পাশাপাশি পথসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যে উদ্বোধনী ফলক ও সভাস্থল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। চলছে মঞ্চ প্রস্তুতির কাজও।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া জানান, সভাস্থলে বিশুদ্ধ পানির ট্যাংক ও পোর্টেবল টয়লেট স্থাপনসহ সার্বিক প্রস্তুতি সমন্বিতভাবে সম্পন্ন করা হচ্ছে।
এছাড়া পরশুরাম মডেল সরকারি পাইলট স্কুল মাঠে চলছে হেলিপ্যাড নির্মাণের প্রস্তুতির কাজও। পাশাপাশি ফেনী-পরশুরাম প্রধান সড়কের সংযোগস্থলে মেরামত ও সৌন্দর্য্য বর্ধনেরও কাজ চালাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, পরশুরাম প্রকল্প উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ পরিদর্শন করবেন। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন। বেলা ২টায় ফুলগাজী ডাক বাংলোয় ২শ ৪৯কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার প্যানেলের প্রকল্প উদ্বোধন করবেন। পরে সেখানে বিশ্রাম, মধ্যাহ্নভোজ ও যোহরের নামাজ আদায় শেষে বিকাল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান উদ্বোধন করবেন এবং জনসভায় ভাষন দিবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। জানা যায়, সফরের ভ্যান্যুকে রেড, ইয়েলো ও হোয়াইট এই তিন জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে। রেড জোনে প্রবেশের জন্য দেয়া হবে বিশেষ সিকিউরিটি কার্ড, আর ইয়েলো জোনে যেতে হলেও আলাদা কার্ড লাগবে। এ দুই জোনের বাইরে থাকা এলাকায় হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে। যেখানে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় তিন হাজার পুলিশ সদস্য ও সীমান্তবর্তী জেলা হওয়ায় ৯প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলেও জানা যায়।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিñিদ্র নিরাপত্তা বলয় থাকবে। নিরাপত্তায় এসএসএফ ছাড়াও পুলিশ, এসআরবি, বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করবেন।’
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘রবিবার এসএসএফ ও আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে আমাদের সমন্বয় মিটিং হয়েছে। পুলিশের প্রায় ৩হাজার সদস্য থাকবে বিভিন্ন জায়গায়। যেহেতু সীমান্তবর্তী জেলা, সেখানে ১শ ২কিলোমিটারে ৯প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পাশাপাশি এসআরবি ও কোস্টগার্ডও কাজ করবে। আমরা মোটামুটি প্রস্তুত।’