জুন ১৭, ২০২৬ ১৬:৫২

ফেনীতে টিটিসিতে প্রশিক্ষণ নিয়ে কর্মমুখী হচ্ছে তরুণরা


নিজস্ব প্রতিনিধি :

ফেনী জেলায় কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রশিক্ষন নিয়ে কর্মমুখী হচ্ছে তরুণ-তরুণীরা। ফলে দেশে এমনকি প্রবাসেও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। নানা সংকটের মধ্যে সংশ্লিষ্টরা ১০টি ট্রেডে প্রশিক্ষন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।


সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষ জনশক্তি তৈরি ও বেকার মুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে টিটিসি প্রতিষ্ঠা করা হয়। ২০১৬ সালে শহরের অদূরে পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে ফেনী-মাইজদী সড়কের পাশে ২৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। এখানে ছোট-বড় ৩টি ভবন রয়েছে।


জানা গেছে, কম্পিউটার অপারেশনে ৪শ ৭ জন, গ্রাফিক্স ডিজাইনে ২৭২, ইলেকট্রিক্যালে ৪২২, মোবাইল ফোন সার্ভিসিংয়ে ২৭২, ড্রাইভিং ১৪৭৭, অটোমোটিভে ২৪, মেচিং শপে ২৪ জন সহ ২৮৯৮ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছে। ২৫ জন প্রশিক্ষকের পদ থাকলেও কর্মরত রয়েছেন শুধুমাত্র ৫ জন। এর মধ্যে একজন অধ্যক্ষ, দুইজন ইনস্ট্রাক্টর, দুইজন কম্পিউটার অপারেটর। প্রতিটি ট্রেডের ব্যাচে ৩৬ জন প্রশিক্ষণার্থী ভর্তির সুযোগ পাবেন। বিদেশ গমনেচ্ছু হাউস কিপিং ভিসায় বিদেশগামী নারীদেরও প্রশিক্ষণ দেওয়া হবে এখানে।


কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, ২০২২ সাল থেকে এ পর্যন্ত ২৫ হাজার বিদেশগমনেচ্ছুদের প্রশিক্ষন দেয়া হয়। সৌদি আরবগামীদের তিনদিনব্যাপী প্রশিক্ষন দেয়া হয়। এছাড়া ইলেকট্রিকাল, কম্পিউটার ও গ্রাফিক্স, মোবাইল ফোন সার্ভিসিং, অটোমেকানিক, জাপানিজ ও ইংরেজী, দেশ-বিদেশের ড্রাইভিং ৩ থেকে ৫মাস মেয়াদী প্রশিক্ষণ দেয়া হয়।


একাধিক প্রশিক্ষনার্থী জানান, এখানে হাতে-কলমে সব কিছু শিখিয়ে দেওয়া হয়। তরুণ-তরুণীরা প্রশিক্ষন নিয়ে দক্ষ হয়ে প্রবাসে যেতে পারছেন। এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে বেকারত্ব দূরীকরণ সম্ভব। বেকার তরুণদের কারিগরি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জনশক্তিতে পরিণত হওয়ার ক্ষেত্রে বিশাল সম্ভাবনার ক্ষেত্র উন্মোচিত হলো।


কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: জসিম উদ্দিন জানান, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রে অদক্ষদের দক্ষ করতে কাজ করা হয়। এখানে সনদ নিয়ে কেউ বেকার থাকেন না। এ সনদটি একজন কর্মীকে আরও আত্মবিশ্বাসী করে গড়ে তুলে। সনদধারীরা এ সনদ দেখিয়ে দেশ-বিদেশে খুব সহজেই ভালো চাকরি করতে পারেন। চাহিদা অনুযায়ী প্রশিক্ষক নিয়োগ দিতে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!