নিজস্ব প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকায় চেকপোস্টে দায়িত্ব পালনকালে কাভার্ডভ্যানের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল রবিবার রাত ১টার দিকে ফতেহপুর স্টারলাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন (৪৬) বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবির-৭ এর ফেনী ক্যাম্পে কর্মরত ছিলেন। আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তবাগ গ্রামের মৃত নুরুদ্দীন আহমেদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন। এসময় নিহত মো. আলমগীর হোসেনসহ কয়েকজন এসআরবির সদস্য কাভার্ডভ্যান তল্লাশি করছিলেন। এসময় এসআরবির সদস্যরা আরেকটি ট্রাককে থামার জন্য সংকেত দিলে, তা না থেকে পালানোর সময় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে এসআরবি উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন গুরুতর আহত হন। এতে তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। সহকর্মীরা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ট্রাক চালক সজীবকে আটক করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সজীব বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে থানার ওসি কবির হোসেন বলেন, এসআরবির কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।