নিজস্ব প্রতিনিধি : ফেনীর প্রবীণ আয়কর আইনজীবী কাজী গোলাম মাইন উদ্-দীন (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১০টা ৪৭ মিনিটে বার্ধক্যজনীত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, দুই ভাই, তিন বোন, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা শনিবার বাদ ফজর ঢাকার আফতাব নগরের এইচ ব্লকের বায়তুস সালাহ্ জামে মসজিদে ও বাদ জোহর ফেনীর মাথিয়ারা কাজি বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাযায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস ই শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।এসময় মরহুমের মেঝ ছেলে কবি ও সাংবাদিক কাজী তানভীর আলাদীন, আয়কর আইনজীবী সমিতির সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী,ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, ইউনিয়ন বিএনপি সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
স্বভাব কবি ও লেখক এই প্রবীণ কর আইনজীবী ১৯৩২ সালের ৯ ডিসেম্বর ফেনী সদর থানার মাথিয়ারা কাজী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা তৎকালীন ভারতবর্ষের সুপরিচিত কাজী কেমিক্যাল ওয়ার্কসের সত্বাধিকারী কাজী আলী নোয়াজ ও মাতা জায়েদা খাতুন। তিনি ৭ ভাই ও ৭ বোনের মধ্যে তিনি সবার বড়। ১৯৫০ সালে ফেনী হাই স্কুল থেকে ম্যাট্রিক ও পরে ফেনী কলেজ থেকে যথাক্রমে আই.কম এবং বি.কম পাশ করে পৈত্রিক ব্যবসা পরিচালনা করেন। ১৯৬১ সালে তিনি ব্যবসার পাশাপাশি আয়কর উপদেষ্টা হিসেবে যোগদান করেন।
তিনি একাধিকবার ফেনী জেলা কর আইনজীবী সমিতির সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি লায়ন্স ক্লাব ফেনীর সাবেক সাধারণ সম্পাদক, ফেনী ‘ল’ কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। তিনি মাথিয়ারা জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।
১৯৫৯ সালে কুমিল্লার পয়ালগাছা চৌধুরী বাড়ির বিপ্লবী কবি ও প্রখ্যাত সাংবাদিক অধুনালুপ্ত দৈনিক ইনসাফ-এর সম্পাদক মহীউদ্দিন আহমদ-এর বড় মেয়ে সাকিনা আহমেদ চৌধুরাণীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে পাঁচ সন্তান, কাজী নওফেল, কণা, লুবনা, তানভীর আলাদিন (সিনিয়র সাংবাদিক, বাসস) ও অ্যাডভোকেট কাজী ফয়সালকে নিয়ে তার পরিবার। এক দশককাল আগে তার স্ত্রী প্রয়াত হয়েছেন।
ভ্রমণ পিপাসু কাজী গোলাম মাইন উদ-দীন বাংলাদেশের প্রায় সব জেলা ঘুরে বেড়ানোর পাশাপাশি তিনবার আজমীর শরীফ জিয়ারতে ভারতে, দুইবার হজরত পালনে সৌদি আরব এবং একবার আমেরিকা ভ্রমণ করেছেন। তাঁর প্রকাশিত অন্যান্য গ্রন্থ হচ্ছে: ডাক্তারের ঘোড়ার ডাক, তাসের ঘরে মাধবীলতা, খাজু উকিলের ডায়েরি ও ইউরেকা আমার আমেরিকা।
ওয়াইজেএফবি ফেনী জেলার শোক
সংবাদ বিজ্ঞপ্তি : ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম বাংলাদেশ (ওয়াইজেএফবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসস এর সিনিয়র সাংবাদিক কাজী তানভীর আলাদীনের শ্রদ্ধেয় পিতা ফেনীর প্রবীণ আয়কর আইনজীবী কাজী গোলাম মাইন উদ্-দীন (৯৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার বাদ জোহর উনার নিজ বাড়ির দরজার ২য় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, দুই ভাই, তিন বোন, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে ইয়ুথ জার্নালিস্টস্ ফোরাম ফেনী জেলা শাখার সভাপতি শাহজালাল ভূঞা ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম গভীর শোক প্রকাশ করছেন। শোক বার্তায় তারা মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতুল ফেরদৌস ও শোকাহত পরিবারকে যেন এই শোক কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন এই দোয়া করি।