নিজস্ব প্রতিনিধি: দৈনিক ফেনীর সময়ে সংবাদ প্রকাশের পর দাগনভূঞার মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবিরের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবিরের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এরআগে ভর্তির জন্য দাগনভূঞা পৌরসভার থেকে নগদ অর্থ সহযোগিতা করেন। নিবির ফেনী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে।
এছাড়াও দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল হোসেন ও পৌর জামায়াতের পক্ষ থেকে সহযোগিতা করেছে। নিবির ঢাকার মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হাটভোগদিয়া গ্রামের মোহাম্মদ সুজনের ছেলে। বাবার সঙ্গে দাগনভূঞা পৌর শহরের বেতুয়া গ্রামের নাহিদ মঞ্জিলে ভাড়া বাসায় থাকত সে। দাগনভূঞা একাডেমি থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৫ অর্জন করে নিবির।
সহায়তা পেয়ে সাংবাদিক ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিবির বলেন, প্রশাসনের এই উদ্যোগ তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সহজ করেছে। ভবিষ্যতে আরও ভালো করে পরিবারের মুখ উজ্জ্বল করতে চায় সে। সে সকলের দোয়া কমনা করছেন।
দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইফতেখারুল আলম বলেন, ইসমাইল হোসেন নিবিরের পাশে দাঁড়ানোর জন্য সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও পাশে থাকবেন এমন প্রত্যাশা করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীদুল ইসলাম বলেন, শিক্ষার্থী ইসমাইল হোসেন নিবিরের পাশে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।