শহর প্রতিনিধি : ফেনী সদরের ফতেহপুরে দস্যুতার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নুরে আলম সিদ্দিক (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পাঁচটি ধারালো রামদা, একটি কিরিচ ও অপরাধে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার ফতেহপুর স্টারলাইন ফিলিং স্টেশনসংলগ্ন ইমাম মার্কেটের সামনে চেকপোস্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দেশীয় অস্ত্র নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় কয়েকজন ব্যক্তি অপরাধ সংঘটনের উদ্দেশ্যে ফতেহপুরের দিকে যাওয়ার তথ্য পায় পুলিশ। পরে অটোরিকশাটিকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ পাঁচজন পালানোর চেষ্টা করেন। এ সময় যাত্রী আসনে থাকা নুরে আলম সিদ্দিককে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।পরে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে লাল-সবুজ রঙের একটি গামছায় মোড়ানো অবস্থায় কাঠের হাতলযুক্ত পাঁচটি ধারালো লোহার রামদা ও একটি কিরিচ উদ্ধার করা হয়। এ ছাড়া অপরাধে ব্যবহৃত সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়। গ্রেপ্তার নুরে আলম সিদ্দিক গাইবান্ধা জেলার সাঘাটা থানার কামালেরপাড়া ইউনিয়নের পূর্ব ছিলমানের পাড়া এলাকার বাসিন্দা।