অক্টোবর ১২, ২০২৬ ০৩:৫০

পাঁচগাছিয়ায় বিএনপি নেতা কামালের উপর হামলা


নিজস্ব প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় পাঁচগাছিয়ায় বিএনপি নেতা কামাল উদ্দিনের ওপর হামলা চালিয়েছে দলীয় প্রতিপক্ষরা। এসময় ফেনী পৌর তাঁতি দলের যুগ্ম-আহ্বায়ক মাকছুদকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গতকাল শনিবার বিকালে এ ঘটনায় আহত কামাল উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। এরআগে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের বিরলী বাজারে এঘটনা ঘটে। হামলায় কামাল উদ্দিনসহ ৩জন আহত হয়েছেন। আহত অন্য দুজন হলেন-কামালের সমর্থক দিদার ও রানা। তাদের ৩জনকেই ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে ফেনী সদর উপজেলা বিএনপির উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী বাছাইয়ের বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সদর উপজেলা বিএনপির সদস্য ও বিগত নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী  কামাল উদ্দিন নিজেকে পুনরায় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এর জেরে শুক্রবার রাতে ফেনী পৌর তাঁতি দলের যুগ্ম আহবায়ক মাকছুদ ও স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতির ভাতিজা রিফাতের নেতৃত্বে বিরলী বাজারে কামালের ওপর এ হামলা চালানো হয়।

স্থানীয়দের দাবি, ৫ থেকে ৬টি মোটর সাইকেলে করে এসে কামাল উদ্দিনের ওপর হামলা চালান। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার দুই সমর্থকও আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে রিফাতসহ অন্যরা পালিয়ে গেলেও তাঁতী দল নেতা মাকছুদকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এছাড়া হামলার প্রতিবাদে বিএনপির ক্ষুব্ধ নেতাকর্মীরা ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে মিছিল করেন এবং প্রায় ৩ মিনিট অবরোধ করে রাখেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অভিযোগের বিষয়ে পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু বলেন, এলাকায় কোথায় কী হয়েছে, তা তার জানা নেই। তবে বিগত দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়া ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।


ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, অনাকাঙ্ক্ষিত কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
এদিকে আহত কামাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!