দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬বখাটে কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আরো কয়েকজন জড়িত বলে অভিযোগ রয়েছে। পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে নোয়াখালীর চরজব্বর উপজেলার মধ্যবাগ্যা গ্রামের এক নারী (২৫) তার স্বামীর সঙ্গে অটোরিকশা যোগে দাগনভুঞা পৌরশহরের ভাড়া বাসায় আসছিলেন। পথিমধ্যে ফাজিলের ঘাট রোডের জুয়েলের গ্যারেজে অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। এমন সময় ৮/১০জন সন্ত্রাসী স্বামী-স্ত্রী কে ধরে শাহ পরানের চা দোকানে নিয়ে যায়। এসময় সন্ত্রাসীরা স্বামীকে মারধর করে এবং স্ত্রীকে যৌন নিপীড়ন করে গলার চেইন, মোবাইল ফোন, সাউন্ডবক্স নিয়ে যায়।
একপর্যায়ে ৯৯৯ নম্বরে ফোনের ভিত্তিতে পুলিশ ভুক্তভোগীদের কে উদ্ধার করে এবং ঘটনায় জড়িত ৬জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এবং দন্ডবিধির সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, দাগনভূঞা পৌরসভার জগতপুর ভূঞা বাড়ীর মো. সিরাজ এর ছেলে মো. রাশেদ প্রকাশ রাজ (১৯), আমান উল্যাহপুর, ৯নং ওয়ার্ড, দাগনভূঞা পৌরসভার জাবেদ উদ্দিন এর ছেলে মো. জাকির হোসেন (২১), একই গ্রামের মো. হারুন এর ছেলে আবদুল মান্নান মুন্না (২৯), জগতপুর, ৪নং ওয়ার্ড, দাগনভূঞা পৌরসভার বেলাল হোসেন এর ছেলে দেলোয়ার হোসেন (২৪), একই গ্রামে কামাল উদ্দিন এর ছেলে মো. শাহেদুল ইসলাম শাহিন (১৯), গোলাম মাওলা মাসুদ এর ছেলে মো. শাহরিয়ার নোমান (১৯)।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজীম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে এবং বাকী আসামিদের সনাক্তকরণসহ গ্রেফতারের চেষ্টা চলছে।