অক্টোবর ৪, ২০২৬ ০৪:২১

দাগনভূঞায় ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশা চালকের

দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঞায় যাত্রীবাহী বাস, ট্রাক্টর ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে জাহাঙ্গীর আলম নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার অভিরামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশাটি চালাচ্ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়াখালীগামী লেনে একটি নম্বরবিহীন ট্রাক্টর ইউটার্ন নিচ্ছিল। এ সময় নোয়াখালীগামী ‘আল্লাহরদান’ নামীয় একটি যাত্রীবাহী বাস (রেজি. নং- চট্টগ্রাম মেট্রো-ব-১১-০৬৩৮) দ্রুতগতিতে এসে ট্রাক্টরটির পেছনে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ট্রাক্টরটি উল্টে গিয়ে মহাসড়কের বিপরীত পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে চালক জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়। একই সঙ্গে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নেয়। আহত দুই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!