নভেম্বর ১৬, ২০২৬ ২২:০৪

দাগনভূঞায় মানসিক অসুস্থ মেয়ের দায়ের কোপে মায়ের মৃত্যু


নিজস্ব প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার পূর্ব চন্দ্রপুর বাদশা মিয়ার বাড়িতে মানসিক অসুস্থ মেয়ে তার মাকে নির্মমভাবে কুপিয়ে খুন করেছে। গতকাল রবিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ ও এলাকাবাসীর সূত্র জানায়, ওই বাড়ির আবুল হোসেনের মেয়ে রানু আক্তার (৩৮) দীর্ঘ সময় ধরে মানসিক অসুস্থ। এ কারণে তার একটি বিয়ে ভেঙ্গে গেলে বছরখানেক আগে আরেক বিয়ে হয়। সেখানেও অসংলগ্ন আচরণ করলে কয়েকদিন আগে স্বামী তাকে মায়ের কাছে রেখে যায়। স্থানীয়রা জানায় দুই একদিনের মধ্যেই তাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছিল। এ বিষয়ে জানার পর গতকাল রাত সাড়ে আটটার দিকে সে ক্ষিপ্ত হয়ে মা সেতারা আক্তার (৮০) কে ধারালো দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। এ সময় ঘরে থাকা তার ভাইয়ের বউ ভয়ে সন্তানদের নিয়ে অন্য একটি কক্ষে ঢুকে দরজা আটকে দেন।

শোর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে রানুকে দা হাতে ঘরের ভেতর পায়চারি করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সে ঘরের একটি কক্ষে ঢুকে দরজা আটকে দেয়। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙ্গে রানুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরকক্ষে পড়ে থাকা তার মায়ের মৃতদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে নিয়ে যায়। মর্মান্তিক এ ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!