* ভূমিদস্যু বন্দুক বাহারের দখলে দুই দীঘি ও এক জলাশয়
* দীঘি কেটে দেদারসে মাটি লুট
* ইজারার নাম দিয়ে চলছে মাছ লুট
সদর প্রতিনিধি : ফেনী সদর উপজেলার ফরহাদ নগরে দখলদার মো. বাহার উল্লাহ বাহার প্রকাশ বন্দুক বাহারের দখলে সরকারি দুইটি দীঘি ও একটি জলাশয়। ২০২৪সালের ৫আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ইউনিয়নের কেএমহাটে আদর্শ গ্রাম সড়কের তীর ঘেঁষে দুই পাশে ১৭দশমিক ৩৪একরের এসব বিশাল দীঘি তিনি দখল করে মাছ ও মাটি লুট করে নিয়ে যাচ্ছেন। মো. বাহার উল্লাহ বাহার প্রকাশ বন্দুক বাহার মধ্যম নৈরাজপুর সৈয়দ হাজী বাড়ির হাবিব উল্যাহর ছেলে।
তিনি আসন্ন ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে সদস্য পদে ওই ওয়ার্ডের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী। এছাড়া তার বিরুদ্ধে ৪আগস্ট মহিপালে ছাত্র হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের কেএমহাটে কেএমহাট-আদর্শগ্রাম সড়কের পাশে নৈরাজপুর মৌজায় দুইটি দীঘি ও একটি জলাশয় রয়েছে। একসময় এখানে নদী ছিলো। সেখানে পরে বাঁধ দিয়ে দীঘিতে রুপান্তর হয়। বিশাল আকৃতির একটি দীঘি থাকলেও দখলদাররা ৪টি দীঘিতে রুপান্তর করে। এরমধ্যে একটি দীঘি ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর মৌজায় পড়েছে। বাকিগুলো পড়েছে ফরহাদ নগরের নৈরাজপুর মোজায়। এরমধ্যে একটি ছোট। সেসব দীঘি এখন বন্দুক বাহারের দখলে।
তারা জানান, ২০২৪সালের ৫ আগস্টের পূর্বে মোহাম্মদ শাহাদাত হোসেন নামে কার্যক্রম নিষিদ্ধ এক আ’লীগ নেতার দখলে ছিলো এসব দীঘি। তিনি এসব দীঘিতে মাছ চাষ করতেন। তখন জিজ্ঞেস করলে প্রশাসন থেকে ইজারা নিয়েছেন বলে দাবি করতেন। ৫আগস্টের পর এসব দীঘি বন্দুক বাহারের দখলে চলে যায়। বাহারের দখলে যাওয়ার পরে তিনি এসব দীঘি থেকে মাছ লুট করে নিয়ে যান। গত দুই বছরের বেশি সময় ধরে তিনি এসব দীঘি দেখেন। বেশ কয়েকবার সেচ দিয়ে কয়েক লাখ টাকার মাছও নিয়ে যান বাহার। এরমধ্যে গত ১৫ থেকে ২০দিন ধরে মাটি কেটে নিয়ে যাচ্ছেন তিনি। এসব মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করছেন বলে স্থানীয়রা জানান।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কেএমহাট থেকে আদর্শ গ্রাম যাওয়ার পথে দুই পাশে চারটি দীঘি। এরমধ্যে প্রবেশ প্রথম দীঘিতে সেচ দিচ্ছেন বাহার। পাশের আরেকটি দীঘি থেকে শ্রমিক দিয়ে পিক-আপে মাটি ভর্তি করা হচ্ছে। এসব মাটি আবার বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। এদিকে গতকাল পাশের বড় দীঘি থেকেও মাটি কেটে নিয়ে যাচ্ছেন বলে স্থানীয় একাধিক সূত্র ফেনীর সময় কে নিশ্চিত করেছেন।
এসব দীঘি ইজারা দেয়া নেই জানিয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনসুর জানান, ১শ ২৭নং নৈরাজপুর (বিএস) মৌজায় ১নং খতিয়ানে তিন দাগে ১৭দশমিক ৩৪একর জায়গা রয়েছে। এরমধ্যে ১হাজার ১শ ৫২দাগে ৪দশমিক ৬৩একর, ১হাজার ১শ ৮০দাগে ৩দশমিক ৮১একর ও ১হাজার ৩শ ৫৮দাগে ৮দশমিক ৯০একর জায়গা রয়েছে।
জানতে চাওয়া হলে বাহার উল্যাহ ফেনীর সময় কে বলেন, ‘আমি ইজারা নিয়ে এসব দীঘি দেখাশোনা করি। আমি প্রতি বছর ২৫হাজার টাকা কর দিয়ে থাকি। আমি দখল কেন করবো। আর এসব মাটি সড়ক ও পাড়ের সংস্কারে ব্যবহার করছি। বাহিরে যেগুলো যাচ্ছে সেগুলো কবরস্থানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।’
এবিষয়ে ফেনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার বলেন, ‘আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
জানতে চাওয়া হলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা বলেন, ‘দখলে থাকার সুযোগ নেই। আমরা ব্যবস্থা নিবো এ বিষয়ে।’