সময় ডেস্ক :
মৃত্যুর আগে শেষ ইচ্ছা ছিল নিজ গ্রামে ফিরে গিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন। কিন্তু দুরারোগ্য রোগ সেই সুযোগ দেয়নি তাকে। গত বছর মারা যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর ডা ফরিদ উদ্দিন আহমদ। অবশেষে তার সেই অসমাপ্ত স্বপ্ন পূরণ হলো। বড় ভাই শফি ঊদ্দিন আহমদ দিদারের উদ্যোগে আর গ্রামবাসীর সহযোগিতায় তাদের পৈত্রিক বাড়িতে চালু হলো একটি দরিদ্র রোগীর জন্য ডাক্তার চেম্বার। আজ শনিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এর শুভ উদ্বোধন করা হয়।
জানা গেছে, প্রয়াত ডেপুটি ডাইরেক্টর চাকরি জীবনে ছিলেন অত্যন্ত মানবিক ও জনবান্ধব কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি গ্রামের সাধারণ মানুষের কষ্ট খুব কাছ থেকে দেখেছেন। প্রায়ই পরিবারের সদস্যদের বলতেন, অবসরের পর নিজ গ্রাম পূর্ব সাতকুচিয়ায় ফিরে গিয়ে গরিব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেবেন। কিন্তু হঠাৎ দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত বছর ১৬ জুন তিনি মৃত্যুবরণ করেন।
ভাইয়ের সেই শেষ ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসেন তার বড় ভাই, আমেরিকা প্রবাসী। তিনি নিজ উদ্যোগে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় পৈত্রিক বাড়িতে এই চেম্বারটি প্রতিষ্ঠা করেন। চেম্বারটি প্রয়াত ভাইয়ের নামে ডা ফরিদ উদ্দিন মেমোরিয়াল ডক্টর চেম্বার নামে উৎসর্গ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, চিকিৎসক ও গ্রামের শত শত মানুষ। অনুষ্ঠানে প্রয়াত ডেপুটি ডাইরেক্টরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে চেম্বারের উদ্বোধন ঘোষণা করা হয়।

এ সময় ডা ফরিদের আমেরিকা প্রবাসী বড় ভাই শফি দিদার টেলিফোনে বলেন, “আমার ভাই মানুষের সেবা করতে চেয়েছিল। মৃত্যুর আগে আমার ছোট চাচা এছহাক ভুইয়ার কাছেও সে ইচ্ছা প্রকাশ করেছিল গ্রামের মানুষের পাশে দাঁড়ানো। ও চলে গেছে, কিন্তু ওর স্বপ্নকে আমরা মরতে দিতে চাই না। এই চেম্বারের মাধ্যমে গ্রামের দরিদ্র মানুষ যাতে সহজে চিকিৎসা পায়, সেটাই আমাদের চেষ্টা। আপাতত প্রতি শনিবারে একজন অভিজ্ঞ ডাক্তার ২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিবেন। পরবর্তীতে আরও অনেক উদ্যোগ নেয়া হবে যার মধ্যে যাকাত ফান্ড ও যুব উন্নয়ন কর্মসূচি থাকবে। আমি দেশি বিদেশি সকল ভাই বোনদের কাছে দোয়া ও মহান আল্লাহর সন্তুষ্টির নিয়তে সহযোগীতা আশা করি।”
চেম্বার কর্তৃপক্ষ জানায়, এখানে নিয়মিতভাবে একজন চিকিৎসক বসবেন। প্রাথমিক চিকিৎসা, ডায়াবেটিস, রক্তচাপ পরীক্ষা, জ্বর, সর্দি-কাশিসহ সাধারণ রোগের চিকিৎসা দেয়া হবে। ভবিষ্যতে অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতামূলক ক্যাম্প আয়োজনের পরিকল্পনাও রয়েছে আমাদের। আশা করি আমরা সকলের সহযোগীতা পাবো।
উদ্বোধনী দিনে চেম্বারে আসা গ্রামবাসীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। স্থানীয় বাসিন্দা ও জনপ্রিয় নেতা নেসার আহমদ ভুইয়া বলেন, ‘আমার ভাতিজা ডা ফরিফ বেচে থাকলে নিজেই এখানে বসে আমাদের চিকিৎসা করতেন। তিনি নেই, কিন্তু তার বড় ভাই শফি দিদার গ্রামবাসির অনুরোধে যে উদ্যোগ নিয়েছে এতে আমরা অনেক খুশি। এখন আর সামান্য অসুখের জন্য আমাদের ফেনী ঢাকা যেতে হবে না। অনেক ধন্যবাদ সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য।’
স্থানীয়রা মনে করছেন, এই চেম্বার শুধু একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি একজন মানবিক মানুষের স্বপ্নের প্রতিচ্ছবি। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা আর গ্রামবাসীর প্রতি দায়িত্ববোধের এক অনন্য নজির হয়ে থাকবে এটি।