ফেনীর রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা
শহর প্রতিনিধি :
সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করতে ফেনীতে গতকাল শনিবার বিকালে রাজনৈতিক দল ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফেনীর আয়োজনে সুজন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
পিএফজি ফেনীর কো-অর্ডিনেটর লায়ন মোর্শেদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, পিএফজি ফেনীর অ্যাম্বাসেডর আ.ন.ম আব্দুর রহিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি নূরুল করিম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুদ্দিন মজুমদার সাচ্ছু, জেলা মহিলা দলের সভাপতি জোলেখা আক্তার ডেইজি, খেলাফত মজলিস ফেনী জেলার সহ-সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক মালেক মনসুর, দৈনিক আগামীর সময়ের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান দারা, টেলিভিশন জার্নালিস্ট ক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান ও ইয়ুথ জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান হাজারী ডালিম ও এনসিপি ফেনী জেলা কমিটির সদস্য মসলেহ উদ্দিন মাহাদী।

এছাড়া বক্তব্য দেন জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান ও পৌর কমিটির আহ্বায়ক রোকসানা আক্তার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) জেলার সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মো. ইসমাইল, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, সুজন ছাগলনাইয়া কমিটির সভাপতি কামরুল হাসান লিটন, সুজন পৌর কমিটির সভাপতি জাহিদ হোসেন বাবলু, স্বেচ্ছাসেবক ওসমান গনি রাসেল, অ্যাডভোকেট খুরশিদ আলম মাহাদী, আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরমান, শিক্ষক নেতা মহি উদ্দিন খন্দকার, এপেক্স ক্লাবের সেক্রেটারি শহীদুল ইসলাম বাবুল ও ওয়াইপিএজি সদস্য আরিফুর রহমান প্রমুখ।
জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিএনপি ক্ষমতাকালে স্থানীয় সরকার নির্বাচন সমূহ সবসময় অবাধ ও শান্তিপূর্ণভাবে হয়েছে। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি নির্বাচন করা হয়েছে। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে না পেরে আগামী নির্বাচন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তিনি বলেন, বিএনপি দলীয় প্রার্থীদের বিজয়ী করার চেয়ে বর্তমান সরকার সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে বেশি জোর দিবে। তিনি বলেন, যেহেতু মানুষ ভোট দিতে পারেনি, ভোটে অংশগ্রহণ করতে পারেনি তাই আগামী নির্বাচনে প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হবে। এতে সংশয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরাপেক্ষভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিবে বলে আশা প্রকাশ করেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা।