মার্চ ৬, ২০২৬ ১৭:৫৬

ভোটের মাঠে সবাইকে নিয়ে কাজ করতে চান ভিপি জয়নাল

নিজস্ব প্রতিনিধি :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনে ভোটের মাঠে সবাইকে নিয়ে কাজ করতে চান ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। গতকাল রবিবার দুপুরে শহরের ফলেশ্বর এলাকার বাড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
খোলামেলা আলাপে তিনবারের সাবেক এ সংসদ সদস্য ভিপি জয়নাল আরো বলেন, “ফেনীতে আমাদের দলের সকল নেতাকর্মী সহ সবাইকে নিয়ে নির্বাচনী মাঠে একসাথে কাজ করবো। ইতিমধ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে আছি। আর কেউ যদি বাহিরে থাকে তাদেরও আসার আহবান জানাবো। একসাথে সবাইকে নিয়ে নির্বাচন করবো। আমি সবার কাছে যাবো। কয়েকবার যাবো। একজনের বাসায় ইতিমধ্যে গিয়েছি। আবার যাবো। আমাদের মধ্যে কোন মান-অভিমান নেই। নির্বাচনের তফসিল ঘোষণার পর সবাই ধানের শীষ নিয়ে একসঙ্গে কাজ করবো।”

তিনি বলেন, “আমি যদি জয়ি হই বা ধানের শীষ বিজয়ী হলে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। ত্যাগীদের জন্য ভালো করার চেষ্টা করবো। তাদের জন্য কিছু করা যায় কি না দেখবো। ত্যাগীরা অবমূল্যায়ন হবে না। তাদের প্রতিটি ক্ষেত্রে মূল্যায়ন করা হবে।”

অধ্যাপক জয়নাল আবেদিন ভিপির ভাষ্যমতে, “আমাকে দল থেকে দেওয়া হয়েছে। আমি নিজেই জানি না। সবাই আমার জন্য যেভাবে ভালোবাসা দেখিয়েছে তা আমি ভুলবো না। সবার ভালোবাসাটা আমারে যে তারা চায় তা তারে প্রতিফলন। ইনশাআল্লাহ যদি জয়ী হই আমি আইনশৃঙ্খলা ঠিক করতে কাজ করে যাবো। আমি অতীতে যে সময় ছিলাম সেসময়ও সবার জন্য কাজ করেছি। হিন্দু ধর্মাবলম্বীদের জন্য কাজ করেছি। কারো প্রতি বৈষম্য করিনি। যতটুকু পারছি, রাস্তা-ঘাট, ব্রীজ, মাদরাসা, স্কুল, মসজিদ এবং কি মন্দির পর্যন্ত করেছি। হিন্দুদের জন্য প্রতিবছর আলাদা বরাদ্দ দিতাম। তাদের বাড়ী বাড়ী পৌঁছে দেওয়া হতো। আমরা কথা দিচ্ছি, বিগত সময়ের যে সমস্ত কাজ রয়ে গেছে সেসব কাজগুলো আমরা করবো৷ কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বড় বড় প্রজেক্ট জনগণকে উপহার দেওয়ার চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, “ফেনীতে আর কাওকে গডফাদার হতে দেওয়া হবে না। নতুন করে কাউকে সন্ত্রাস করতে দেওয়া হবে না। ফেনী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন