সেপ্টেম্বর ৭, ২০২৬ ১৬:৫৫

ফেনী শহরে যানজট নিরসনে অটোরিকশা বন্ধের দাবিতে মানব বন্ধন


শহর প্রতিনিধি :

ফেনী শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন, অনিয়ন্ত্রিত অবৈধ অটোরিকশা বন্ধ করে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন করার দাবিতে গতকাল রবিবার ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানব বন্ধন করেছে সম্মিলিত ফেনীবাসী।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, স্বেচ্ছাসেবী সংগঠক, ব্যবসায়ী প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সেইভ রোড বাংলাদেশ এর সভাপতি মনসুর আহমেদ রকির সভাপতিত্বে বক্তব্য রাখেন সুর নিকেতন এর সভাপতি জসিম মাহমুদ, সুনাগরিক ফোরামের প্রধান সমন্বয়ক মোর্শেদ হোসেন, বন্ধুজন এর সাধারণ সম্পাদক নজির আহম্মদ রতন, অধিকার এর ফোকাল পার্সন নাজমুল হক শামীম, ইয়্যুথ জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ডালিম হাজারী। ব্যাবসায়ী সমিতির সদস্য কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন সেজানুল আলম প্রিয়, ওসমান গনি রাসেল ও খুরশিদ রহমান সূর্য।

মানববন্ধনে বক্তারা বলেন, ফেনী শহরের যানজট দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। অনিয়ন্ত্রিত অটোরিকশা চলাচল, অবৈধ স্ট্যান্ড, যত্রতত্র পার্কিং, ফুটপাত দখল এবং সড়ক ব্যবস্থাপনার নানা অনিয়মের কারণে প্রতিদিন সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরুরী রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি সেবার যানবাহনও অনেক সময় যানজটে আটকা পড়ছে।

তারা বলেন, যানজট নিরসনে শুধু সাময়িক অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা। শহরের সক্ষমতা অনুযায়ী অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ, সকল যানবাহনকে বৈধ রেজিস্ট্রেশনের আওতায় আনা, নির্দিষ্ট রুট ও স্ট্যান্ড নির্ধারণ, অবৈধ পার্কিং বন্ধ এবং ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার কার্যকর উদ্যোগ নিতে হবে।
মানববন্ধন থেকে ফেনী শহরের যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি একটি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের দাবি জানানো হয়।

আয়োজকরা জানান, নাগরিকদের ভোগান্তি কমানো এবং একটি নিরাপদ, সুন্দর ও যানজটমুক্ত ফেনী গড়ে তোলার লক্ষ্যে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!