সেপ্টেম্বর ৭, ২০২৬ ১৬:৫২

অতিরিক্ত পৌরকর আদায়ের চেষ্টার প্রতিবাদে মানব বন্ধন


শহর প্রতিনিধি :

ফেনী পৌরসভায় অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ফেনী পৌরসভা প্রাঙ্গণে এক মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধনে ভবন মালিক, ব্যবসায়ী ও ভাড়াটিয়া ও ১৮টি ওয়ার্ড নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। রামপুর এলাকার বাসিন্দা সিরাজ উল্লাহ বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে যে হোল্ডিং ট্যাক্স ছিলো ২০৫২ টাকা, ২৫-২৬ অর্থ বছরে সে ট্যাক্স বৃদ্ধি করে ৬৭ হাজার ৪শ ৫০ টাকা করা হয়েছে। যা কয়েকশত গুন বৃদ্ধি করা হয়েছে।

মাস্টার পাড়ার বাসিন্দা নারায়ন দাশ জানান, গত বছর তার কাছ থেকে ট্যাক্স নেয়া হয়েছে ২ হাজার টাকা। চলতি বছর ট্যাক্স বৃদ্ধি করে নেয়া হয়েছে ২০ হাজার টাকা।
রামপুর এলাকার বাসিন্দা ওসমান গনি রাসেল জানান, কোন ধরনের নিয়ম নীতি তোয়াক্কা না করে কয়েকশত গুন হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে। এতে পৌরসভার নাগরিকরা ক্ষুব্দ হয়ে উঠেছে।

শরিফুল ইসলাম রাসেল জানান, পৌরসভার অসাধু দুর্ণীতিবাজ পৌর নির্বাহী কর্মকর্তা সামছুউদ্দিন ও নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন এ ট্যাক্স বৃদ্ধির নাটের গুরু। অবিলম্বে তাদেরকে প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, এ কর্মকর্তারা পৌর নাগরিকদের সাথে তামাশা করছে। একদিকে ট্যাক্স বৃদ্ধি অন্যদিকে শুনানি ও আপিলের কথা বলে কয়েক হাজার নাগরিক থেকে আরো একশত টাকা করে জমা নেন। কোন প্রকার আপিল না করে জনগণের উপর ট্যাক্স আদায়ে বল প্রয়োগ করার চেষ্টা করছে। পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় এখানে অনিয়মের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ২০হাজার টাকার ট্যাক্স ৫হাজার ঘুষ দিলে কমিয়ে দেয়া হয়।

বক্তারা বলেন, আগামী নির্বাচন ও জনপ্রতিনিধি দায়িত্ব না নেয়া পর্যন্ত আমরা কোন প্রকার ট্যাক্স পরিশোধ করবো না। এসময় তারা পৌর ট্যাক্স কমানো না হলে পৌরবাসীকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।

মীর মাসুদ পারভেজের সভাপতিত্বে ও সৈয়দ মামুনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় এক হাজার লোক অংশগ্রহন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা সামছু উদ্দিন ও নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের কাছে জানতে চাইলে তারা উদ্বর্তন কর্মকর্তাদের অনুমতি ছাড়া কোন মন্তব্য করতে রাজী হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!