সেপ্টেম্বর ৭, ২০২৬ ১৬:৫৫

টমটম ব্যবসার আড়ালে মাদক কারবার যুবদল নেতাকে ইয়াবাসহ আটক করে পুলিশে দিলো এলাকাবাসী


নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে রমজান আলী (৩৫) নামের এক যুবদল নেতাকে ইয়াবাসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার দিবাগত রাতে ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত রমজান আলী চোছনা গ্রামের জমিদার বাড়ির অলি আহমদের ছেলে।
তিনি শর্শদী ইউনিয়ন যুবদলের সমন্বয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক।

এলাকাবাসী জানায়, গণঅভ্যুত্থানের পূর্বে রমজান আলী পার্শ্ববর্তী একটি কারখানায় স্বল্প বেতনে চাকরি করে দিনাতিপাত করতেন। ৫ আগস্টের পর তিনি ওই চাকুরি ছেড়ে মাদক কারবার এ জড়িয়ে পড়েন। কয়েকবার তাকে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাদকসহ আটক করলেও অজ্ঞাত কারণে থানায় যাওয়ার আগে ছাড়া পেয়ে যায় রমজান আলী। তার রয়েছে টমটম এর ব্যবসা। তার টমটম ব্যবসার আড়ালে চালায় মাদক কারবার এতে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন ফুঁসে উঠেন।

জানা যায়, শনিবার রাতে রমজান আলীর স্ত্রীর অনুরোধে স্থানীয় লোকজন তার বাড়িতে তল্লাশি চালায়। এসময় বেশকিছু ইয়াবা ও একটি লাইটার পিস্তলসহ তাকে আটক করা হয়। একপর্যায়ে তাকে থানায় হস্তান্তর করে স্থানীয়রা।

শর্শদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সরোয়ার আলম ভূইয়া বলেন, রমজান আলী দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক কারবারের সাথে যুক্ত। তার কারণে এলাকায় ও দলের বদনাম হচ্ছে। আমি উপস্থিত থেকে গতকাল তার ঘরে অভিযান চালিয়ে মাদক পেয়ে তাকে পুলিশে ধরিয়ে দিয়েছি।

ফেনী মডেল থানার এএসআই ফখর উদ্দিন রমজান আলী নামের ওই যুবককে থানায় নিয়ে আসার কথা স্বীকার করলেও কতপিস ইয়াবা উদ্ধার করা হয়েছে তার সংখ্যা নিশ্চিত করতে রাজি হননি।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে মামলা রেকর্ড করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

error: কন্টেন্ট সুরক্ষিত!!