নিজস্ব প্রতিনিধি :
ফেনী শহরের ট্রাংক রোডস্থ মুক্তবাজারে ক্রাসিং মিলে (হলুদ-মরিচ গুঁড়ো করার মেশিন) লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম (৬০) নামে এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টার দিকে ট্রাংক রোডের মুক্ত বাজার এলাকায় নিজ প্রতিষ্ঠান হযরত শাহজালাল ক্রাসিং মিলে এ ঘটনা ঘটে। নুরুল ইসলাম ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি এখানে প্রায় ১২বছর ধরে ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো সোমবারও নুরুল ইসলাম দোকানে আসেন। তবে তিনি এসময় প্যান্টের পরিবর্তে লুঙ্গি পরে আসেন। বিকারের দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে মেশিনের সঙ্গে আটকে থাকতে দেখে। তারা পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মেশিনে লুঙ্গি পেঁচিয়ে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’